নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পাদিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপর ১৯৪৮ থেকে ১৯৭১ সাল পর্যন্ত গোয়েন্দা রিপোর্ট বিষয়ক গ্রন্থটি যুক্তরাষ্ট্রের কুইন্স লাইব্রেরিতে স্থান পাচ্ছে।
নিউইয়র্কস্থ কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা আনুষ্ঠানিকভাবে কুইন্স লাইব্রেরির প্রধান লাইব্রেরিয়ানের কাছে গ্রন্থটি হস্তান্তর করেন।
লাইব্রেরীর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও প্রধান লাইব্রেরিয়ান নিক বোরন এ বিষয়ক মূল্যবান বইয়ের তিনখণ্ড গ্রহণ করেন। বইটির নাম: ‘Secret Documents of Intelligence Branch on Father of the Nation Bangabandhu Sheikh Mujibur Rahman’ Volume – 1, 2, & 3।
দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এতে জানানো হয়, এ সময় নিক বোরন বলেন, এই ঐতিহাসিক সংকলনটি কুইন্স লাইব্রেরির সংগ্রহে যুক্ত করতে পেরে কুইন্স লাইব্রেরি গর্বিত।
এসময় কনসাল জেনারেল বইটির পটভূমি সম্পর্কে তাকে অবহিত করেন।
উল্লেখ্য, নিউইয়র্কের কুইন্স লাইব্রেরির প্রধান লাইব্রেরিয়ান ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনাব নিক বোরন গত ২৮ অক্টোবর বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা’র সাথে কনস্যুলেটে সাক্ষাত করেন। এ সময় কনসাল জেনারেল মহান ‘শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ২০১৯’ যৌথভাবে উদযাপনে সহযোগিতা এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস, ২০১৯’ উদযাপনে সহযোগিতা প্রদানের জন্য কুইন্স লাইব্রেরিকে ধন্যবাদ জানান।
কনস্যুলেট জেনারেলের এসকল গুরুত্বপূর্ণ উদ্যোগী ভূমিকার ভূয়সী প্রসংশা করে বোরন বলেন, বাংলাদেশ কনস্যুলেট জেনারেলই প্রথম কনস্যুলেট অফিস যারা মূলধারার কুইন্স লাইব্রেরিকে সাথে নিয়ে একটি আন্তর্জাতিক দিবস উদযাপন করেছে।
কনস্যুলেটের বিশেষ উদ্যোগে প্রথমবারের মত কুইন্স লাইব্রেরি তথা আমেরিকার মূলধারাকে সাথে নিয়ে এবং জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন এর যৌথ উদ্যোগে কুইন্স লাইব্রেরি, ফ্লাশিং এ যথাযথ মর্যাদায় “শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস” উদযাপন করা হয়। অনুষ্ঠানে বাংলা ভাষা ছাড়াও অন্যান্য ভাষার ৮টি দেশের সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের মূলধারার সংস্কৃতির সঙ্গে বাংলাদেশি সংস্কৃতির মেলবন্ধন স্থাপন করা হয়। এছাড়াও কনস্যুলেটের উদ্যোগে কুইন্স লাইব্রেরিতে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস, ২০১৯’ উদযাপনে বাংলা ভাষা ছাড়াও বিভিন্ন ভাষাভাষীর শিশু-কিশোররা অংশগ্রহণ করে।
নিক বোরন বলেন, নিউইয়র্কে দুইশত এর অধিক ভাষার লোক বাস করেন এবং বাংলা ভাষাভাষীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
তিনি আরো বলেন, কুইন্স লাইব্রেরিতে দিন দিন বাংলাদেশি-আমেরিকান পাঠকের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে এবং ইতোমধ্যেই কনস্যুলেট কর্তৃক সরবরাহকৃত বাংলা ভাষার বিভিন্ন বই এসব পাঠকদের নিকট বিশেষ আগ্রহ সৃষ্টি করেছে।
সেজন্য তিনি বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে আসতে পেরে আনন্দিত বোধ করছেন। এ সময় তিনি কনস্যুলেটের অডিটরিয়ামে শিশুদের জন্য বাংলা পাঠ্যবই প্রাপ্তির সুযোগ দেখে তিনি অভিভূত হন।
প্রসঙ্গত, ইতোপূর্বেও কনস্যুলেট কর্তৃক কুইন্স লাইব্রেরিতে অন্যান্য বই সরবরাহ করা হয়েছে। কনস্যুলেটের কাউন্সিলর আয়শা হক এসময় উপস্থিত ছিলেন।

