ঢাকাWednesday , 30 October 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভ্যাট নিবন্ধনে সময় আর বাড়ছে না

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : অনলাইন ভ্যাট নিবন্ধনে সময় আর বাড়ানো হচ্ছে না। ফলে আগের ঘোষণা অনুযায়ী ৩১ অক্টোবরই ভ্যাট নিবন্ধনের শেষ দিন।
শুধু তাই নয় ৩১ অক্টোবরের মধ্যে নিবন্ধন না নিলে ব্যবসায়ীদের ১০ হাজার টাকা জরিমানার ক্ষেত্রে ছাড় দেওয়া হবে না বলেও জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এছাড়া ভ্যাট আহরণ বাড়ানো ও স্বচ্ছতা আনতে দাখিলপত্র (ভ্যাট রিটার্ন) জমায় কঠোরতা অবলম্বন করা হবে।
এনবিআরের ভ্যাট অনলাইন প্রকল্পের পরিচালক সৈয়দ মুশফিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এ পর্যন্ত নিবন্ধন হালনাগাদ করেছে প্রায় ৬৫ হাজার প্রতিষ্ঠান। এর আগে ৯ সংখ্যার নিবন্ধন নিয়েছিল ১ লাখ ৭২ হাজার প্রতিষ্ঠান। কিছু প্রতিষ্ঠানের নামে ভুয়া নিবন্ধন হয়েছিল। এখনো সক্ষম অনেক প্রতিষ্ঠান নিবন্ধনের আওতায় আসেনি। ফলে পরবর্তী সময়ে ব্যবসায়িক কার্যক্রম কিংবা আমদানি-রপ্তানিতে সমস্যায় পড়তে পারে। তবে সময় আর বাড়ানো হচ্ছে না।
এদিকে নিবন্ধন হালনাগাদ করার (৯ সংখ্যার স্থলে ১৩ সংখ্যার নিবন্ধন) জন্য সরকার সময়সীমা এক দফায় বাড়ালেও তাতে কাঙ্ক্ষিত সাড়া মেলেনি। ফলে সময়সীমা শেষ হওয়ার পর নিবন্ধনের আওতার বাইরে থাকা প্রতিষ্ঠানের বিষয়ে কঠোর অবস্থান নিতে যাচ্ছে এনবিআরকে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রাথমিকভাবে সময়সীমা আর না বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিবন্ধনহীন ওইসব প্রতিষ্ঠানের অনুকূলে ব্যাংকগুলো কোন ধরনের ঋণপত্র ইস্যু করতে পারবে না। ফলে আটকে যাবে আমদানি-রপ্তানি কার্যক্রম। কোনো ধরনের দরপত্র কার্যক্রমে অংশ নিতে পারবে না।
শুল্ক স্টেশনগুলোতেও এক ধরনের ‘কালো তালিকাভুক্ত’ হয়ে যাবে। নিবন্ধন ছাড়া ব্যবসায়িক কার্যক্রম অব্যাহত রাখা কার্যত কঠিন হয়ে যাবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের।
চলতি বছরের জুলাই থেকে নতুন ভ্যাট আইন কার্যকর করেছে। নতুন আইন অনুযায়ী, অনলাইনে নিবন্ধনের মাধ্যমে প্রতি মাসে ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে রিটার্ন দাখিল করতে হবে।
এদিকে ব্যবসায়ীরা নতুন পদ্ধতির নিবন্ধনে অনেক জটিলতায় পড়ছে বলে দাবি করছে। আবেদনের তিন কার্যদিবসের মধ্যে নিবন্ধন দেওয়ার কথা থাকলেও অনেক সময় এক মাস পেরিয়ে যায়। এমন পরিস্থিতিতে ভ্যাট নিবন্ধনে হয়রানি না করা কিংবা অহেতুক দেরি না করতে মাঠ পর্যায়ের অফিসগুলোকে ইতোমধ্যে নির্দেশনা দিয়েছে এনবিআর।
এনবিআরের নির্দেশনায় বলা হয়, আবেদনের পর তিন কার্যদিবসের মধ্যে প্রতিষ্ঠানের ব্যবসায়িক কার্যক্রম যাচাই করে নিবন্ধন দেওয়া কিংবা না দেওয়ার ক্ষেত্রে যথাযথ কারণ জনাতে মাঠ পর্যায়ের অফিসগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। অন্যথায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।
এছাড়া, ৩১ অক্টোবরের মধ্যে নিবন্ধন না নিলে ব্যবসায়ীদের ১০ হাজার টাকা জরিমানার ক্ষেত্রে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছে এনবিআর।