নিজস্ব প্রতিবেদক : বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেছেন, প্রতিষ্ঠার পর থেকে গত ৪৮ বছরে বিমান নানা বিবর্তনের মধ্য দিয়ে সময় অতিবাহিত করেছে। দেশের এভিয়েশন শিল্পের বিকাশে বিমান পথপ্রদর্শক।
সোমবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঢাকা-মদিনা-ঢাকা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
ঢাকা থেকে মদিনায় শনি, সোম ও বুধবার এবং চট্টগ্রাম থেকে বৃহস্পতিবার একটি করে ফ্লাইট পরিচালনা করবে বাংলাদেশ বিমান।
মাহবুব আলী বলেন, বিমান বর্তমানে ঢাকা-জেদ্দা-ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা করছে। এছাড়া, আন্তর্জাতিক রুটগুলোর মধ্যে রয়েছে দুবাই, আবুধাবি, মাস্কট, দোহা, লন্ডন, কুয়েত, দাম্মাম, কাঠমান্ডু, ব্যাংকক, কুয়ালালামপুর, সিঙ্গাপুর, ইয়াঙ্গুন, দিল্লি এবং কোলকাতা। আজ থেকে ঢাকা-মদিনা-ঢাকা ফ্লাইট চালুর মধ্য দিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নেটওয়ার্ক সম্প্রারণের আরো একটি ধাপ পূর্ণ হলো।
প্রতিমন্ত্রী বলেন, মদিনায় মহানবী হজরত মুহাম্মদ (সাঃ) এর রওজা শরিফ পরিদর্শন, হজ ও ওমরাহ পালন করতে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ বাংলাদেশি প্রতিবছর সৌদি আরব গমন করেন। এছাড়া, মধ্যপ্রাচ্যের দেশসমূহে বিভিন্ন পেশার প্রবাসী বাংলাদেশি ও বিপুল সংখ্যক বাংলাদেশি শ্রমিক ভাইয়েরা বসবাস করেন। ধর্মপ্রাণ মুসল্লিদের যাতায়াত ও দেশের সাথে প্রবাসী বাংলাদেশি ভাই-বোনদের যোগাযোগ আরো সহজ এবং স্বাচ্ছন্দ্যময় করতে মাননীয় প্রধানমন্ত্রীও ঢাকা-মদিনা সরাসরি যোগাযোগ স্থাপনে আন্তরিকভাবে আগ্রহী। তাই আজ ঢাকা-মদিনা-ঢাকা রুটে সরাসরি ফ্লাইট চালু হলো।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর ঐকান্তিক আগ্রহ ও নির্দেশনায় বিমান বহরে ১০টি সর্বাধুনিক উড়োজাহাজ যুক্ত হয়েছে। এ বছরেই আরো দুটি নতুন প্রজন্মের বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার বহরে যুক্ত হবে। বহর পরিকল্পনা একটি চলমান প্রক্রিয়া, এই ধারা অব্যাহত রাখার লক্ষ্যে আমরা কানাডা কর্মাশিয়াল কোম্পানি (সিসিসি) থেকে স্বল্প পাল্লার তিনটি নতুন ড্যাশ-৮ কিউ৪০০ কিনছি। ২০২০ সালের মার্চ-জুন মাসের মধ্যে এই বিমানগুলো আমাদের বহরে যুক্ত হবে। সম্প্রসারিত এই বহর দিয়ে আমরা আমাদের চলমান রুটসমূহে ফ্লাইটের সংখ্যা বৃদ্ধি করতে সক্ষম হয়েছি, সেই সাথে নতুন গন্তব্য সংযোজন প্রক্রিয়া অব্যাহত রেখেছি। এর ফলে আজ ঢাকা-মদিনা রুটে ফ্লাইট চালু হচ্ছে। ২০২০ সালে ম্যানচেস্টার, নারিতা, কলম্বো, মালে এবং নিউইয়র্ক রুটে ফ্লাইট পরিচালনার প্রস্তুতি চলছে।
দেশের এভিয়েশন শিল্পের বিকাশে বিমানের নিরলস প্রচেষ্টা অব্যাহত রাখতে সবার সহযোগিতা ও সমর্থন কামনা করেন প্রতিমন্ত্রী।
অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মহিবুল হক, বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল ইনামুল বারী, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. মফিদুর রহমান ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মোকাব্বির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

