নিজস্ব প্রতিবেদক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, শিশুরাই ভবিষ্যৎ দেশ গড়বে, শান্তির বিশ্ব গড়বে। তাদের সেভাবেই গড়ে তুলতে হবে। সরকার তাদের সেভাবেই গড়ে তোলার চেষ্টা করছে।
শনিবার রাজধানীর ফামর্গেটে আন্তর্জাতিক শিশু অধিকার সপ্তাহ উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শিশুরা ভবিষ্যতে শুধু দেশের নয়, বিশ্বের নেতৃত্ব দেবে। এ কারণেই তাদের আলোকিত করা খুবই জরুরি। তাদের একটি সুন্দর জীবন রয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই চিন্তা এবং আদর্শ নিয়ে এগিয়ে চলেছেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ক্ষমতায় আসার পর শিশুদের মানোন্নয়ন, শিক্ষাদান, নিরাপত্তাসহ বিভিন্ন দিক নিয়ে কাজ করে চলেছেন। তা এখনো অব্যাহত আছে। একটি শিশুও যেন ক্ষুধা বা অযত্ন-অবহেলায় না থাকে সে সংগ্রাম আমরা করে যাচ্ছি। আমাদের উদ্দেশ্য শিশুদের সুন্দর ভবিষ্যৎ দেয়া। সেভাবেই কাজ করে যাচ্ছি।
তিনি আরো বলেন, ইতোমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে বিশ্বের দরবারে সম্মানিত স্থানে নিয়ে গেছেন। অনেক উন্নত দেশের রাষ্ট্রপ্রধানরা বাংলাদেশের উত্তরোত্তর উন্নয়ন ও সমৃদ্ধির প্রশংসা করছেন। উন্নয়নকে বাধাগ্রস্ত বা একে পুঁজি করে কেউ দুর্নীতির চেষ্টা করলে তাকে ছাড় না দিতে তিনি কঠোরভাবে নির্দেশ দিয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনীও সেভাবেই অভিযান অব্যাহত রেখেছে।

