নিজস্ব প্রতিবেদক : মাদক-সন্ত্রাসবাদের বিরুদ্ধে জনসচেতনতা তৈরি করতে রাজধানীতে র্যালি অনুষ্ঠিত হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উদ্যোগে এ র্যালি অনুষ্ঠিত হয়।
শনিবার গুলশান ১ নম্বর ডিসিসি মার্কেটের সামনে থেকে বেলুন ও পায়রা উড়িয়ে র্যালির উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।
কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে এ র্যালির আয়োজন করা হয়। এ সময় সংসদ সদস্য আকবর আলী খান পাঠান, চিত্র নায়ক রিয়াজসহ ডিএমপির গুলশান বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
র্যালিটি গুলশান-১ নম্বর ডিসিসি মার্কেটের সামনে থেকে ওয়ারলেস গেইট হয়ে তিতুমীর কলেজের সামনে দিয়ে প্রদক্ষিণ করে। এতে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরাও অংশ নেয়।
বক্তারা বলেন, সন্ত্রাস-জঙ্গীবাদমুক্ত একটি সুখি সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে জনগণ, জনপ্রতিনিধিদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরো বেশি সহযোগিতা করতে হবে। তাহলে দেশে জঙ্গীবাদ-সন্ত্রাসবাদ থাকবে না । দেশ ও জাতিকে রক্ষা করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

