আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্যের ‘রক্তাক্ত বালুকা’ ছেড়ে মার্কিন সেনারা দেশে ফিরবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে তিনি জানিয়েছেন যুক্তরাষ্ট্র আর বিশ্বের পুলিশ হয়ে থাকবে না।
বুধবার হোয়াইট হাউজে এক বিশেষ ভাষণে তিনি এ কথা বলেছেন।
ট্রাম্প বলেছেন, ‘আমরা বের হয়ে যাচ্ছি। এই রক্তাক্ত বালুকণায় অন্য কাউকে লড়াই করতে দিন। আমাদের সেনাবাহিনীর কাজ বিশ্বে পুলিশি করা না।’
সিরিয়ার উত্তরাঞ্চল থেকে মার্কিন সেনা প্রত্যাহারের কারণে ইতোমধ্যে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন ট্রাম্প। ইসলামিক স্টেটের বিরুদ্ধে লড়াইয়ে যুক্তরাষ্ট্রের মিত্র হিসেবে থাকা কুর্দি যোদ্ধাদের এভাবে পরিত্যাগ করায় খোদ মার্কিন প্রশাসনেই সমালোচনা চলছে ট্রাম্পের। ওই অঞ্চল থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পরের দিনই তুরস্ক কুর্দিদের বিরুদ্ধে অভিযানের ঘোষণা দেয়।
সিরিয়ার সংঘাত নিয়ে ট্রাম্প বলেন, ‘অন্য দেশগুলোকে অবশ্যই এগিয়ে আসতে হবে এবং তাদের ন্যায্য অংশটুকু সম্পন্ন করতে হবে। আমি একটি ভিন্নপথে যাত্রার জন্য প্রতিশ্রুতিবদ্ধ, যার মধ্যে একটি আমেরিকাকে জয়ের লক্ষ্যে নিয়ে যাওয়া।’
অবশ্য মধ্যপ্রাচ্য থেকে কখন মার্কিন সেনা প্রত্যাহার শুরু হবে তা স্পষ্ট করে জানাননি ট্রাম্প। এর আগে সিরিয়ায় থাকা কয়েক হাজার মার্কিন সেনা এখন পশ্চিম ইরাকে ঘাঁটি গেড়েছে।

