আন্তর্জাতিক ডেস্ক : মৃত্যুর চার দশকেরও বেশি সময় পর স্পেনের স্বৈরশাসক ফ্রান্সিসকো ফ্রাঙ্কোর দেহাবশেষ কবর থেকে উত্তোলন করে অন্যত্র সমাধিস্থ করা হয়েছে।
১৯৩৬ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত স্পেনের স্বৈরশাসক ছিলেন ফ্রাঙ্কো। স্পেনের গৃহযুদ্ধের সময় জেনারেল ফ্রাঙ্কো ফ্যাসিবাদী ইতালি ও নাৎসি জার্মানির মদদপুষ্ট জাতীয়তাবাদী বাহিনীর প্রধান হিসেবে স্পেনের নির্বাচিত সরকারকে উৎখাত করেছিলেন।
দ্য ভ্যালি অব দ্য ফলেন সমাধিক্ষেত্রে ১৯৩৬-৩৯ সাফ পর্যন্ত স্পেনের গৃহযুদ্ধে নিহতদের সমাধিস্থ করা হয়েছে। এখানে ফ্রাঙ্কোর জাতীয়তাবাদী বাহিনী ও পতন ঘটানো রিপাবলিকান সরকারের সমর্থকদের মৃতদেহও রয়েছে। এই সমাধিক্ষেত্রের একটি অংশ নির্মাণ করা হয়েছে রাজনৈতিক বন্দীদের মাধ্যমে। ফ্রাঙ্কোর শাসনামলে এই কাজটি করা হয়েছে। এই সমাধিক্ষেত্রটি ফ্রাঙ্কোর সমর্থক ও ডানপন্থিদের কাছে তীর্থস্থান হিসেবে বিবেচিত। স্পেন সরকার এই সমাধিক্ষেত্রটিকে শুধুমাত্র গৃহযুদ্ধে নিহতদের শ্রদ্ধার্ঘ্যের স্থান হিসেবে নির্ধারণ করতে চায়। এ কারণে ফ্রাঙ্কোর দেহাবশেষ সেখান থেকে সরানোর উদ্যোগ নেওয়া হয়। তবে সরকারের এই সিদ্ধান্তে বিরুদ্ধে ফ্রাঙ্কোর পরিবারের সদস্যরা মামলা করলে শেষ পর্যন্ত সরকারেরই বিজয় হয়।
স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে সরকারের পক্ষ থেকে দেহাবশেষ স্থানান্তরের ঘোষণা দেওয়া হয়। দেহাবশেষ স্থানান্তরের সময় ফ্রাঙ্কোর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। রাজধানী মাদ্রিদের উত্তরে একটি পারিবারিক সমাধিক্ষেত্রে দেহাবশেষ সমাধিস্থ করা হয়।

