নিজস্ব প্রতিবেদক : পথচারীদের নিরাপদে সড়ক পারাপারের জন্য রাজধানীতে ডিজিটাল পুশ বাটন সিগন্যালের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে মোহাম্মদপুরে গ্রিন হেরাল্ড ইন্টারন্যাশনাল স্কুলের সামনে এ সিগন্যালের উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।
আতিকুল ইসলাম বলেন, ‘ডিজিটাল পুশ বাটন সিগন্যাল বানানোর উদ্দেশ্য হলো নিরাপদ সড়ক তৈরি করা। আমরা নিরাপদ সড়ক ও শহর চাই।’
সড়কে আইন মানার আহ্বান জানিয়ে মেয়র বলেন, ‘আইন মানলে আমরা সুনাগরিক হব। না মানলে খারাপ নাগরিক হয়ে যাব। তাই সবাইকে আইন মানতে হবে।’
“পুশ বাটন সিগন্যালে ক্যামেরা লাগানো আছে। পথচারি পারাপারের সময় যদি কোনো গাড়ি আইন না মানে তাহলে ওই গাড়ির বিরুদ্ধে স্বয়ংক্রিয়ভাবে মামলা হয়ে যাবে।”
সিটি করপোরেশন থেকে জানা গেছে, বিশ্বের উন্নত শহরগুলোর আদলে ডিজাইন করে তৈরি করা হচ্ছে এসব ‘পুশ বাটন সিগন্যাল’। সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে ডিএনসিসির ট্রাফিক ইঞ্জিনিয়ারিং সার্কেল (টিইসি) সিগন্যালগুলো বসানোর কাজ করছে। পথচারীদের যত্রতত্র সড়ক পারাপারের ঝুঁকি এড়াতে এবং বিশেষ করে বয়োজ্যেষ্ঠ, প্রতিবন্ধী ও অন্ধ পথচারী এবং যানবাহনের নিরাপদ চলাচল নিশ্চিতের উদ্দেশ্য নিয়ে বসানো হচ্ছে এসব সিগন্যাল।
এই সিগন্যালে সড়ক পারাপারে ইচ্ছুক কোনো পথচারী পুশ বাটনে চাপ দিলে ডিজিটাল সিগন্যালে একটি ‘কাউন্টডাউন’ শুরু হবে। নির্ধারিত সময় শেষ হলে পথচারীদের জন্য ‘সবুজ’ সংকেত ভেসে ওঠবে সিগন্যালে। অন্যদিকে যানবাহন চালকদের জন্য ভেসে ওঠবে ‘লাল’ সংকেত। অন্ধ পথচারীদের জন্য এই ডিভাইসে আছে ‘ভয়েস’ নির্দেশিকা সুবিধা।

