ঢাকাThursday , 24 October 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সোলার হোম সিস্টেম স্থাপনে বাংলাদেশ বিশ্বে প্রথম

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : সোলার হোম সিস্টেম স্থাপনে বাংলাদেশ বিশ্বের মধ্যে প্রথম। বর্তমানে ৫ দশমিক ৮ মিলিয়ন সোলার হোম সিস্টেম স্থাপন করা হয়েছে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ আজারবাইজানের জ্বালানি মন্ত্রী পারভিজ শাহবাজভের সাথে সাক্ষাৎকালে এই তথ্য জানান। গতকাল বুধবার দেশটির বাকুতে অবস্থিত জ্বালানি মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে তারা সাক্ষাৎ করেন। এ সময় তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
বৃহস্পতিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এতে আরও বলা হয়েছে, সাক্ষাৎকালে আজারবাইজানের জ্বালানি মন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করে বলেন, বাংলাদেশ দ্রুততার সাথে উন্নয়ন করছে।
এ সময় তিনি আজারবাইজানের রাষ্ট্রীয় কোম্পানির সাথে বাংলাদেশের রাষ্ট্রীয় কোম্পানির সহযোগিতার ওপর গুরুত্বারোপ করে বলেন, পারস্পরিক সহযোগিতা উভয় দেশের উন্নয়নে অবদান রাখবে। তিনি আজারবাইজানের তেল ও গ্যাস প্রকল্প, বিদ্যুৎখাত, নবায়নযোগ্য জ্বালানির সম্ভাবনা ও লক্ষ্য নিয়ে আলোচনা করেন।
বাংলাদেশের সার্বিক উন্নয়নের জন্য প্রশংসা করায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ আজারবাইজানের জ্বালানি মন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, এক সাথে কাজ করার অনেক ক্ষেত্র রয়েছে। বিদ্যুৎ ও জ্বালানিখাতের অনেক উপখাত রয়েছে, যেখানে আজারবাইজানের অভিজ্ঞতা কাজে লাগবে।
তিনি আরও বলেন, নবায়নযোগ্য জ্বালানি হতে বিদ্যুৎ উৎপাদন খরচ হ্রাসেও একসাথে অভিজ্ঞতা শেয়ার করা যেতে পারে।
প্রসঙ্গত, এনার্জি চার্টার সম্মেলনে অংশ নিতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী বর্তমানে আজারবাইজানের রাজধানী বাকুতে অবস্থান করছেন।