নিজস্ব প্রতিবেদক : জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাজার তদারকি করে বিভিন্ন অপরাধে ১১৬টি প্রতিষ্ঠানকে চার লাখ ৪৬ হাজার টাকা জরিমানা করেছে।
বৃহস্পতিবার জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আফরোজা রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়ের ৪৮ জন কর্মকর্তার নেতৃত্বে ঢাকা মহানগর, চট্টগ্রাম মহানগর, শেরপুর, নরসিংদী, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, ফরিদপুর, গাজীপুর, টাঙ্গাইল, শরীয়তপুর, মুন্সীগঞ্জ, মাদারীপুর, নেত্রকোণা, কক্সবাজার, কুমিল্লা, নোয়াখালী, ফেনী, রাজশাহী, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, মাগুরা, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, খুলনা, বাগেরহাট, কুষ্টিয়া, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, বরিশাল, পিরোজপুর, বরগুনা, গাইবান্ধা, নীলফামারী, লালমনিরহাট ও পঞ্চগড়-এ বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়।
ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. মাসুম আরেফিন, ফাহমিনা আক্তার, ইন্দ্রানী রায় ও ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মন্ডল কর্তৃক রমনা ও মোহাম্মদপুর এলাকায় বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়।
বাজার তদারকিকালে পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকার অপরাধে ‘এনজয় রেস্টুরেন্ট’ ও ‘শাহিন স্টোর’ কে যথাক্রমে পাঁচ হাজার টাকা ও এক হাজার টাকা, পণ্যের মূল্যের তালিকা প্রদর্শন না করার অপরাধে ‘পিরোজপুর জেনারেল স্টোর’, ‘আল আকসা স্টোর’, ‘দোকান নং খ/৪০’, ‘দোকান নং খ/৪১’, ‘দোকান নং খ/৩৫’, ‘দোকান নং খ/৩৩’, ‘সোহাগের সবজি দোকান’ ও ‘জহিরের দোকান’ কে যথাক্রমে ১ হাজার টাকা, ১ হাজার টাকা, ৫০০ টাকা, ৫০০ টাকা, ৫০০ টাকা, ৫০০ টাকা, ১ হাজার টাকা, ১ হাজার টাকা জরিমানা করা হয়। অর্থাৎ গত ২৩ অক্টোবর বিভিন্ন অপরাধে সর্বমোট ১২ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
এছাড়া দেশব্যাপী ৪৪টি বাজার তদারকি কার্যক্রমের মাধ্যমে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরি, পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকা, মেয়াদ উত্তীর্ণ পণ্য বা ঔষধ বিক্রয়, খাদ্য পণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ, প্রতিশ্রুত পণ্য বা সেবা যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ না করা, ভেজাল পণ্য বা ঔষধ বিক্রয়, বাটখারা বা ওজন পরিমাপক যন্ত্রের কারচুপি, ধার্য্যকৃত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রয়, সেবা গ্রহীতার জীবন বা নিরাপত্তা বিপন্নকারী কার্যকলাপ, ওজনে কারচুপি, সেবা প্রদানে অবহেলা ইত্যাদি দ্বারা সেবাগ্রহীতার অর্থ, স্বাস্থ্য, জীবনহানি ইত্যাদি ঘটানো এবং পণ্যের মূল্যের তালিকা প্রদর্শন না করার অপরাধে ১০১ টি প্রতিষ্ঠানকে চার লাখ ২২ হাজার ৫০০ টাকা জরিমানা করে তা আদায় করা হয়।
অন্যদিকে লিখিত অভিযোগ নিষ্পত্তির ধার্য্যকৃত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রি ও পণ্যের মূল্যের তালিকা প্রদর্শন না করার অপরাধে পাঁচটি প্রতিষ্ঠানকে ১২ হাজার ৪০০ টাকা জরিমানা আরোপ ও আদায় এবং আইনানুযায়ী পাঁচ জন অভিযোগকারীকে জরিমানার ২৫% হিসেবে তৎক্ষণাৎ ৩ হাজার ১০০ টাকা প্রদান করা হয়।
এ ছাড়া গত ২৩ অক্টোবর সর্বমোট ৪৮টি বাজার তদারকি কার্যক্রম পরিচালনা ও পাঁচটি লিখিত অভিযোগ নিষ্পত্তির মাধ্যমে ১১৬টি প্রতিষ্ঠানকে মোট চার লাখ ৪৬ হাজার ৯০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
সংশ্লিষ্ট জেলা প্রশাসন, জেলা পুলিশ, আর্মড পুলিশ ব্যাটলিয়ন, সিভিল সার্জন, মৎস্য কর্মকর্তা, পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধি, বাজার কর্মকর্তা, স্যানিটারি ইন্সপেক্টর, শিল্প ও বণিক সমিতির প্রতিনিধি এবং ক্যাবের সদস্যগণ এসব তদারকি কার্যক্রমে সহায়তা প্রদান করেন। তদারকিকালে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জনগণের মাঝে লিফলেট ও প্যাম্পফ্লেট বিতরণ করা হয়েছে।

