নিজস্ব প্রতিবেদক : চলমান মশক নিধন কার্যক্রম কিছুটা ধীরগতি হয়েছে বলে স্বীকার করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন।
তিনি বলেছনে, ‘মশক নিধন কার্যক্রম পরিচালনার জন্য পাঁচ বছর মেয়াদি একটি প্রকল্প গ্রহণ করেছি। এই প্রকল্পটি অনুমোদনের পর আমরা পাঁচ বছর মেয়াদি কাজ করব। শহরে ডেঙ্গু কমে গেছে কিন্তু দেশের বিভিন্ন প্রান্তে এখনো ডেঙ্গুর প্রাদুর্ভাব কিছুটা রয়ে গেছে।’
রোববার ডিএসসিসির নগর ভবন প্রাঙ্গনে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘বিশ্ব হাত ধোয়া দিবস-২০১৯’ উদযাপনের এক র্যালি উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘শীতে কিউলেক্স মশার প্রাদুর্ভাব বেড়ে যায়, সেই কিউলেক্স মশা প্রতিহত করার জন্য সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। চলমান যে মশক নিধন কার্যক্রম, সেটা কিছুটা ধীরগতি হয়েছে। এই ধীরগতিকে কাটিয়ে আমরা খুব দ্রুততম সময়ের মধ্যে আমাদের কার্যক্রম আরো জোরদার করব।’
র্যালিতে আরো উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ডা. শরীফ আহমেদ, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা জাহিদ হোসেন, প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের পরিচালক আব্দুল মান্নান এবং প্রকল্পের ম্যানেজার সোহেল ইকবাল।

