নিজস্ব প্রতিবেদক : ঢাকা থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের কারণে ক্ষতিগ্রস্তদের মধ্যে ৩ হাজার ৪১ জনকে পুনর্বাসন কার্যক্রমের আওতায় অতিরিক্ত অনুদান হিসেবে ৭৭ কোটি ৬৯ লাখ ৫০ হাজার টাকা দেয়া হয়েছে।
রোববার রাজধানীর শ্যামপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কেন্দ্রীয় প্যাকিং হাউজের সম্মেলন কক্ষে পুনর্বাসন সুবিধা প্রদান অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়।
বাংলাদেশ সেনাবাহিনীর কনস্ট্রাকশন সুপারভিশন কনসালট্যান্ট (সিএসসি) ও বাংলাদেশ রেলওয়ের সহযোগিতায় প্রকল্প বাস্তবায়নকারী বেসরকারি সংস্থা ডরপ ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মাঝে চেক হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রকল্প পরিচালক ও অতিরিক্ত সচিব প্রকৌশলী গোলাম ফখরুদ্দিন আহমেদ চৌধুরী। প্রকল্পের প্রধান প্রকৌশলী (ট্র্যাক অ্যান্ড ওয়ার্কস) আব্দুল জলিলের সভাপতিত্বে বক্তব্য রাখেন রেলওয়ের চিফ রিসেটেলমেন্ট অফিসার মোহাম্মদ মাহবুবুর রহমান, উপ-পরিচালক মো. মহব্বতজান চৌধুরী, ডরপের চেয়ারম্যান মো. আজহার আলী তালুকদার, ডরপের প্রতিষ্ঠাতা এ এইচএম নোমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডরপের টিম লিডার মো. আফতাব উল আলম।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সমন্বিতভাবে কাজ করায় পুনর্বাসন কার্যক্রম সঠিকভাবে এগিয়ে যাচ্ছে।
এসডিজি বাস্তবায়ন তথা দারিদ্র্য বিমোচনে, ক্ষতিগ্রস্তদের জীবনমান উন্নয়নে দেশীয় সমন্বিত পুনর্বাসন নীতিমালা প্রণয়নের ওপর গুরুত্ব আরোপ করেন বক্তারা।
অনুষ্ঠানে জানানো হয়, ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত ৮২ কিলোমিটার রেলপথ স্থাপনে ৩৫৮.৪১ হেক্টর জমি অধিগ্রহণ করা হয়েছে। এতে ছয় জেলার ৭ হাজার ৭০০ জন ক্ষতিগ্রস্ত হয়েছেন। ২০২১ সালের মধ্যে প্রকল্পটি বাস্তবায়নের লক্ষ্যে কাজ চলছে। ডরপ প্রকল্প এলাকায় ক্ষতিগ্রস্তদের আর্থ-সামাজিক অবস্থা জরিপসহ, জেলা প্রশাসন কর্তৃক প্রদত্ত নগদ ক্ষতিপূরণপ্রাপ্তিতে সহায়তা, বাংলাদেশ রেলওয়ে প্রদত্ত পুনর্বাসন সুবিধা হস্তান্তর, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন এবং দুস্থ ও দরিদ্রদের জীবিকায়ন পুনঃস্থাপন প্রশিক্ষণ সহায়তা প্রদান করছে।

