নিজস্ব প্রতিবেদক : ইসলামী বিশ্ববিদ্যালয় ইবি’র ফোকলোর স্টাডিজ বিভাগের নতুন সভাপতি হিসেবে যোগ দিয়েছেন ড. মোস্তাফিজুর রহমান। বিভাগের সহকারী অধ্যাপক ও জ্যেষ্ঠ শিক্ষক তিনি। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হারুন-উর-রশিদ আসকারী তাঁকে তিন বছরের জন্য এ পদে নিয়োগ দেন। তাঁর নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ। সদ্য বিদায়ী সভাপতি বাংলা বিভাগের অধ্যাপক সাইদুর রহমান এর মেয়াদ শেষ হওয়ায় গত ২৮ সেপ্টেম্বর ড. মোস্তাফিজুর রহমান সভাপতির দায়িত্ব নেন।
বিভাগের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তাঁকে অভিনন্দন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগসমূহের সভাপতি ও শিক্ষকবৃন্দ।
বিভাগের দায়িত্ব গ্রহণ করে ড. মোস্তাফিজুর রহমান বলেন, ‘আমার প্রধান কাজ হলো, শিক্ষার্থীদের যুগোপযোগী করে গড়ে তুলতে গুণগত পাঠদান নিশ্চিত করা, সঠিক সময়ে পরীক্ষা সম্পন্ন করা, সেশন জটমুক্ত বিভাগ প্রতিষ্ঠা করা। পাশাপাশি একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য শিক্ষার্থীদেরকে যুগোপযোগী করে গড়ে তুলতে যে ধরনের সহযোগিতা একটি বিভাগের অব্যাহত রাখা প্রয়োজন, তার সবটাই নিশ্চিত করার প্রয়াস থাকবে। গুণগত মানসম্পন্ন স্নাতক ও স্নাতকোত্তর তৈরি করাই আমার ব্রত।’
‘দায়িত্বশীলতা, স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে সুন্দর শিক্ষার পরিবেশ নিশ্চিত করে সকল শিক্ষক কর্মকর্তাকে সাথে নিয়ে একটি আদর্শ বিভাগ প্রতিষ্ঠা আমার মূল লক্ষ্য’Ñ বলেন তিনি।
ড. মোস্তাফিজুর রহমান জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে মিঠুন মোস্তাফিজ হিসেবে সুপরিচিত। তিনি ২০১৮ সালের ১৫ জুলাই ফোকলোর স্টাডিজ বিভাগে প্রভাষক পদে নিয়োগ লাভ করেন। পরে ২০১৯ সালের জুলাই মাসে সহকারী অধ্যাপক হিসেবে পদোন্নতি পান। শিক্ষকতার পাশাপাশি তিনি জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে সাংবাদিকতায় যুক্ত রয়েছেন। দৈনিক বাংলাদেশ সময় পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক তিনি।

