আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিআইএ) হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানের আদলত দেশটির এক নাগরিককে মৃত্যুদণ্ড দিয়েছে। এছাড়া, একই অভিযোগে আর দুই ব্যক্তিকে ১০ বছরের কারাদণ্ড এবং ব্রিটিশ গুপ্তচর হিসেবে কাজ করার জন্য এক ব্যক্তিকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে।
রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে, মঙ্গলবার ইরানের একটি আদালত গুপ্তচরবৃত্তির দায়ে এ রায় ঘোষণা করেছেন। গত জুলাইয়ে ইরান ১৭ জন সিআইএ এজেন্টকে গ্রেপ্তার করে। গুপ্তচর হিসেবে তাদের মধ্যে থেকেই কয়েকজনের রায় ঘোষণা করা হয়েছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।
দেশটির বিচার বিভাগের মুখপাত্র হোসেইন ইসমাইলী বিচার সংক্রান্ত সংবাদ প্রকাশের জন্য নির্ধারিত ওয়েবসাইট মিজানকে বলেন, মার্কিন গোয়েন্দা বিভাগের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। ইতোমধ্যে এ রায়ের বিরুদ্ধে আপিল হয়েছে।
ইসমাইলী আরো জানান, আলী নেফ্রিয়েহ ও মোহাম্মদ আলী বাবাপোর নামক দুই ব্যক্তিকে সিআইএ‘র হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ১০ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।

