আন্তর্জাতিক ডেস্ক : উত্তরপ্রদেশ থেকে ‘বাংলাদেশি ও অন্যান্য বিদেশিদের’ শনাক্ত করে ফেরত পাঠাতে পুলিশকে নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। রাজ্যের অভ্যন্তরীণ সুরক্ষার জন্য এই পদক্ষেপ ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ’ জানিয়ে উত্তরপ্রদেশের পুলিশের মহাপরিদর্শক সমস্ত জেলা পুলিশ প্রধানকে চিঠি দিয়ে এ নির্দেশ দিয়েছেন।
পুলিশকে যেভাবে ‘বাংলাদেশি ও অন্যান্য বিদেশিদের’ চিহ্নিত করতে বলা হয়েছে তাতে অনেকেই এর মধ্যে আসামের নাগরিকপঞ্জির ছায়া দেখছেন বলে জানিয়েছে এনডিটিভি অনলাইন।
উত্তরপ্রদেশ পুলিশের শীর্ষ কর্মকর্তা বলেন, এই ফেরত পাঠানো হবে ‘নির্দিষ্ট সময়সীমাবদ্ধ এবং উর্ধ্বতন কর্মকর্তাদের মাধ্যমে পর্যবেক্ষণ করা হবে’ এই কার্যক্রম ।
উত্তরপ্রদেশ পুলিশকে সমস্ত জেলার উপকণ্ঠে বাস স্টেশন ও বস্তি অঞ্চলগুলিতে কাউকে সন্দেহজনক মনে হলে তার সমস্ত কাগজপত্র যাচাই করার আদেশ দেওয়া হয়েছে। এছাড়া পুলিশকে এমন সরকারি কর্মচারীদেরও সন্ধান করতে বলা হয়েছে যারা ‘বিদেশিদের’ জন্য জাল কাগজপত্র প্রস্তুত করতে সহায়তা করেছে। ‘বাংলাদেশি বা অন্যান্য বিদেশি’ হিসেবে চিহ্নিত ব্যক্তিদের আঙুলের ছাপও নেওয়া হবে। পুলিশের পক্ষ থেকে সব নির্মাণ সংস্থাগুলিকে জানানো হয়েছে, কর্মরত শ্রমিকদের পরিচয়ের প্রমাণপত্র রাখা তাদের দায়িত্ব।
গত মাসে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আসামের নাগরিক পঞ্জির প্রশংসা করে জানিয়েছিলেন, প্রয়োজনে তিনি তার রাজ্যেও এমন পদক্ষেপ গ্রহণ করবেন।
যোগী রাজত্বে এই নয়া নির্দেশ আরেক বিজেপি-শাসিত রাজ্য আসামের কথা মনে করিয়ে দিচ্ছে। সম্প্রতি আসামের জাতীয় নাগরিক পঞ্জি থেকে নাগরিক তালিকা থেকে বাদ পড়েছে প্রায় প্রায় ১৯ লাখ মানুষ। নাগরিকত্ব প্রমাণ করতে না পারলে তাদের রাজ্য থেকে বিতাড়নের ঘোষণা দিয়েছে রাজ্য সরকার।

