আন্তর্জাতিক ডেস্ক : সাংবাদিক জামাল খাশোগি হত্যার দায় স্বীকার করেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। মার্কিন টিভি চ্যানেল পিবিএস-কে দেওয়া সাক্ষাৎকারে যুবরাজ জানিয়েছেন, খাশোগি হত্যার দায় তার নিজের, কারণ তার নজরদারিতে এ হত্যার ঘটনা ঘটেছে।
সৌদি যুবরাজের ওই সাক্ষাৎকার ১ অক্টোবর সম্প্রচারিত হবে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে। খাশোগি হত্যাকাণ্ডের এক বছর পূর্তি উপলক্ষে ‘সৌদি যুবরাজ’ শিরোনামের সাক্ষাৎকারটি ধারণ করা হয়েছে।
সৌদি রাজপরিবারের সমালোচক হিসেবে পরিচিত জামাল খাশোগি গত বছরের অক্টোবরে তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে হত্যার শিকার হন। প্রথম দিকে সৌদি আরব বিষয়টি অস্বীকার করলেও পরে আন্তর্জাতিক চাপের মুখে স্বীকার করতে বাধ্য হয় রিয়াদ। ওই ঘটনায় এক ডজনেরও বেশি কর্মকর্তাকে আটক করে সৌদি। তবে তুরস্ক জানিয়েছে, এই হত্যাকাণ্ডের নির্দেশ সরাসরি সৌদি যুবরাজের কাছ থেকে এসেছে বলে তাদের কাছে প্রমাণ আছে।
সাক্ষাৎকারে যুবরাজ মোহাম্মদ বলেছেন, ‘এটা আমার নজরদারিতে ঘটেছে। আমি এর সব দায় স্বীকার করছি। কারণ এটি আমার পর্যবেক্ষণে থাকা অবস্থাতে ঘটেছে।’

