নিজস্ব প্রতিবেদক : জাপানে শ্রমশক্তির চাহিদা দিন দিন বাড়ছে। এই সুযোগ কাজে লাগাতে পারে বাংলাদেশ।
মঙ্গলবার টোকিওতে আয়োজিত এক সেমিনারে জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রাবাব ফাতিমা এ মন্তব্য করেন।
তিনি বলেন, ‘দেশে অনেক দক্ষ লোক রয়েছে। তাই জাপানে কর্মী পাঠানোর একটা সুবর্ণ সুযোগ আছে। জাপানে দক্ষ কর্মী পাঠানোর লক্ষ্যে ইতোমধ্যে দু’দেশের মধ্যে সহযোগিতা স্মারকও সই হয়েছে। এ বিষয়ে দূতাবাসের প্রচেষ্টা অব্যাহত থাকবে।’
টোকিওর বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, টোকিওর সাঙ্গিও কাইকান হলে বাংলাদেশের জনসম্পদ উন্নয়ন বিষয়ক এই সেমিনারের আয়োজন করা হয়। টোকিওর বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় জাপানের ইন্টারন্যাশনাল পারসোনেল ম্যানেজমেন্ট (আইপিএম) ও বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে।
অনুষ্ঠানে মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রাবাব ফাতিমা। বক্তব্য রাখেন আইপিএম’র প্রেসিডেন্ট সেতসুকো ইকেদা, বোয়েসেলের ডেপুটি জেনারেল ম্যানেজার আরিফুল হক, ফরেন ওয়ার্কার্স সাপোর্ট ডিপার্টমেন্টের ম্যানেজার নাওকি ডই, জাপান এক্সটারনাল ট্রেড অর্গানাইজেশনের (জেট্রো) উপপরিচালক এবং আইপিএম’র হিদেয়ি সাকাশিতা।
সেমিনারে রাবাব ফাতিমা বলেন, ‘জাপানে দক্ষ ও অদক্ষ কর্মী পাঠানোর পূর্বশর্ত হলো জাপানি ভাষা ও রীতিনীতিতে দক্ষতা অর্জন করা। কর্মী পাঠানোর প্রক্রিয়ায় কেউ যেন প্রতারণার শিকার না হন সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সজাগ থাকার আহ্বান জানাচ্ছি।’
সেমিনারে শতাধিক উদ্যোক্তা ও তাদের প্রতিনিধি অংশ নেন। এতে সহযোগিতা করে জেট্রো, টোকিও চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, সিনজুকু সিটি অফিস, টোকিও মেট্রোপলিটন স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ সাপোর্ট সেন্টার ইত্যাদি প্রতিষ্ঠান।

