নিজস্ব প্রতিবেদক : একাদশ জাতীয় সংসদের আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির পঞ্চম বৈঠক হয়েছে।
বৈঠকে ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনাল সম্পর্কে আলোচনা হয়। কমিটি এ বিষয়ে বিস্তারিত পর্যালোচনা ও সিদ্ধান্ত গ্রহণে শেখ ফজলে নূর তাপসকে চেয়ারম্যান, মো. আব্দুল মজিদ খান, শামীম হায়দার পাটোয়ারী ও রুমিন ফারহানাকে সদস্য করে একটি সাব-কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করে।
রোববার জাতীয় সংসদ সচিবালয়ের কেবিনেট কক্ষে কমিটির সভাপতি আবদুল মতিন খসরুর সভাপতিত্বে এ বৈঠক হয়। কমিটির সদস্য আনিসুল হক, মো. শামসুল হক টুকু, মো. আব্দুল মজিদ খান, শেখ ফজলে নূর তাপস, শামীম হায়দার পাটোয়ারী ও রুমিন ফারহানা বৈঠকে অংশ নেন। বিশেষ আমন্ত্রণে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বৈঠকে উপস্থিত ছিলেন।
দেশের সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে ভূমি রেজিস্ট্রেশন পদ্ধতি ডিজিটাইজেশনের বিষয়ে বৈঠকে আলোচনা হয়। এ সংক্রান্ত বিষয়ে ‘ভূমি নিবন্ধন ব্যবস্থাপনা অটোমেশন’ প্রকল্প গ্রহণের নীতিগত সিদ্ধান্ত হয়েছে। এ প্রকল্প ২০২০ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের ডিসেম্বরের মধ্যে বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
বৈঠকে আইন কমিশনের চেয়ারম্যান, ভূমি মন্ত্রণালয়ের সচিব, আইন ও বিচার বিভাগের সচিব, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

