নিজস্ব প্রতিবেদক : একাদশ জাতীয় সংসদের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ষষ্ঠ বৈঠক হয়েছে।
বৈঠকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় নির্মিত সকল প্রকার গ্রামীণ রাস্তা আইডিভুক্ত করার সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি এ বি তাজুল ইসলামের সভাপতিত্বে রোববার জাতীয় সংসদ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে কমিটির সদস্য ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডাঃ মোঃ এনামুর রহমান, সোলায়মান হক জোয়ার্দ্দার (ছেলুন), মোঃ আফতাব উদ্দিন সরকার, মীর মোস্তাক আহমেদ রবি, জুয়েল আরেং, মজিবুর রহমান চৌধুরী, মাসুদ উদ্দিন চৌধুরী এবং কাজী কানিজ সুলতানা বৈঠকে অংশগ্রহণ করেন।
কমিটি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীন ব্রিজ ও ইটের রাস্তাসমূহ নির্মাণের দরপত্র ই-টেন্ডার প্রক্রিয়ায় করার সুপারিশ করে।
বৈঠকে মুজিব কিল্লা নির্মাণ, সংস্কার ও উন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়নের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সুপারিশ করা হয়।
কমিটি গ্রামীণ মাটির রাস্তাসমূহ টেকসই করার লক্ষ্যে হেরিংবোন বল্ড (২য় পর্যায়) প্রকল্পে বিশেষ বরাদ্দ না রাখার সুপারিশ করে।
বৈঠকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

