আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে একটি হাসপাতালের বাইরে ট্রাকবোমা হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরো ৯৫ জন আহত হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
বৃহস্পতিবার জাবুল প্রদেশের রাজধানী কালাতের ওই হাসপাতালের কাছে চালানো হামলায় হতাহতদের অধিকাংশই চিকিৎসক ও রোগী বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো।
তালেবানের পক্ষ থেকে জানানো হয়েছে, হাসপাতালের কাছেই সরকারি গোয়েন্দা দপ্তর ছিলো হামলার লক্ষ্যবস্তু।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, হামলাকারীরা দেশের সবচেয়ে শক্তিশালী নিরাপত্তা সংস্থা ন্যাশনাল ডাইরেক্টরেট অব সিকিউরিটির প্রশিক্ষণ ঘাঁটিতে হামলা চালাতে চেয়েছিল। তবে পার্ক করা বিস্ফোরক বোঝাই গাড়িটি ঘাঁটির নিকটবর্তী হাসপাতালের গেটের কাছে বিস্ফোরিত হয়।
কালাতের প্রাদেশিক কাউন্সিলের সদস্য হাজি আত্তা জান হকবায়ান জানিয়েছেন, ২০টি মৃতদেহ ও ৯৫ জন আহতকে বিস্ফোরণস্থল থেকে সরিয়ে নেওয়া হয়েছে।
তিনি বলেন, ‘উদ্ধারকারীরা ধ্বংসস্তুপ থেকে আরো মৃতদেহের সন্ধান করছেন বিধায় হতাহতের সংখ্যা বাড়তে পারে।’হামলায় আহত নারী, শিশু,হাসপাতালের স্বাস্থ্যকর্মী ও রোগীদের অবস্থা গুরুতর বলেও জানান তিনি।

