নিজস্ব প্রতিবেদক : পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, আসামের নাগরিকপঞ্জি (এনআরসি) নিয়ে উদ্বেগ আছে। তবে আমরা ভারতের উপর বিশ্বাস রাখতে চাই।
রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে মধ্যাহ্নভোজ অনুষ্ঠানের শুরুতে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, এখন পর্যন্ত জানি, এনআরসি ভারতের অভ্যন্তরীণ বিষয়। এটা নিয়ে তারা বার বার বক্তব্য দিয়েছে। আমরা তাদের উপর বিশ্বাস রাখছি। কিছুটা উদ্বেগ তো আছেই। আমরা খেয়াল রাখছি। আমরা ভারতের উপর বিশ্বাস রাখতে চাই।
তিনি বলেন, আমি বিশ্বাস করি, রোহিঙ্গা সমস্যার সমাধানও দ্রুত হবে। আমাদের অনেক বন্ধু রাষ্ট্র- যারা মিয়ানমার ও বাংলাদেশে বিনিয়োগ করছে- তাদের বলেছি, রোহিঙ্গারা থাকলে অন্য দিক ক্ষতিগ্রস্ত হবে। তোমাদের উদ্দেশ্য সফল হবে না। এ অঞ্চলে অনিশ্চয়তা তৈরি হবে। তোমাদের নিজেদের স্বার্থে এ সমস্যা সমাধানে সিরিয়াস হতে হবে। কারণ, সন্ত্রাসীদের কোনো বর্ডার নেই, দেশ নেই।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, চীনসহ সংশ্লিষ্ট বন্ধু রাষ্ট্রগুলো বিষয়টি আমলে নিচ্ছে। আমার প্রত্যাশা, সমাধান আসবে।
জাতিসংঘের সাধারণ অধিবেশন চলাকালে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎ হবে বলেও জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৩ অক্টোবর ভারত সফরে যাবেন। এরপর ৩-৪ অক্টোবর সেখানে অনুষ্ঠেয় ওয়ার্ল্ড ইকনোমিক ফোরামের বৈঠকে যোগ দেবেন তিনি। ৫ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন। তবে এর আগে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে নরেন্দ্র মোদির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ হবে।

