নিজস্ব প্রতিবেদক : বাহারি রঙের সাইকেল। ডিজাইনেও আছে ভিন্নতা। আর গুণগত মান? এমন প্রশ্ন ছুঁড়তেই উত্তর এলো সঙ্গে সঙ্গে, ‘মানের ক্ষেত্রে আপোষ নেই। শতভাগ মান ঠিক রেখেই তৈরি করা হয়েছে এসব সাইকেল’।
বাণিজ্যমেলায় একমাত্র সাইকেল বিক্রয়কারী প্রতিষ্ঠান ‘দুরন্ত’র শো রুমে গিয়ে এমনটিই দেখা গেলো। মেলার ভিআইপি গেট দিয়ে ঢুকলে প্রথমেই নজর কাড়বে দুরন্তের স্টল। মানুষের উপচে পড়া ভীড়ও থাকে এ স্টল ঘিরে।
আরএফএল গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান দুরন্ত। যাত্রা শুরু হয়েছে বছরের শেষ দিকে। মনকাড়া সব সাইকেলের সমাহার নিয়ে মেলায় এবারই প্রথম এসেছে প্রতিষ্ঠানটি।
দুরন্তের ব্র্যান্ড প্রমোটর দিনামনি জানান, দেশীয় পণ্য হিসেবে এ সাইকেলগুলো স্বল্পসময়ে বেশ সাড়া ফেলেছে। মানুষ বেশ আগ্রহভরেই কিনছে এসব সাইকেল।
জানা যায়, বাচ্চাদের থেকে শুরু করে বয়স্কদের কথা চিন্তা করে বিভিন্ন ডিজাইনের সাইকেল এনেছে দুরন্ত। দামের ক্ষেত্রেও সব শ্রেণীর মানুষের কথা বিবেচনা করা হয়েছে। সাধ্যের মধ্যে সহজেই যাতে মানুষ এগুলো কিনতে পারে সেজন্য দাম রাখা হয়েছে ৪ হাজার ৬৭৪ টাকা থেকে ৭ হাজার ৪০০ টাকা।
লাল, কমলা, আকাশী আর কালো রঙের সাইকেল পাওয়া যাচ্ছে মেলার দুরন্তের স্টলে। উচ্চতা অনুযায়ী তুলনামূলক কম ওজন এসব সাইকেলে। মাত্র ১৮ কেজি ওজনের এসব সাইকেল স্বাচ্ছন্দ্যেই চালানো যাবে বলে জানিয়েছেন স্টল ইনচার্জ কামাল। তিনি বলেন, ‘ছোটদের ১৬ ইঞ্চি সাইকেল থেকে বড়দের গ্ল্যাডিয়েটরস সাইকেল পাওয়া যাচ্ছে আমাদের কাছে। বডির পুরত্বও অন্যান্য সাইকেল থেকে ভারী। তাছাড়াও রঙের ক্ষেত্রে শতভাগ গ্যারান্টি দিচ্ছি আমরা।’
প্রতিদিন ৫/৬টি সাইকেল বিক্রি হচ্ছে বলেও জানান তিনি। এছাড়া সাইকেল কিনলে সঙ্গে ফ্রি দেয়া হচ্ছে একটি ওয়াটার পট।
সাইকেল কিনতে আসা ক্রেতা আশরাফুল বলেন, ‘ঢাকার যানজটপূর্ণ রাস্তায় সাইকেলই একমাত্র সহজ ও নিরাপদ বাহন। সব ফাঁকফোকর ঠেলে গন্তব্যে দ্রুত পৌঁছানো সম্ভব কেবল সাইকেলে। সেজন্যই সাইকেল কিনতে এসেছি।’
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মৌমিতা হাসনাইন বলেন, ‘সাইকেল চালালে শরীর মন ভালো থাকে। সেজন্য দেশীয় ব্র্যান্ডের সাইকেলই বেছে নিচ্ছি।’
মেলা ছাড়াও রাজধানীর কয়েকটি স্থানে এসব সাইকেল পাওয়া যাচ্ছে বলে জানায় স্টল কর্তৃপক্ষ।

