নিজস্ব প্রতিবেদক : পশুবাহী ট্রাক এবং বৃষ্টির কারনে যাত্রাপথে বিভিন্ন জায়গায় যানবাহনে ধীর গতি থাকলেও তীব্র যানজট নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শনিবার দুপুরে ঢাকার মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন শেষে গণমাধ্যমের সাথে কথা বলতে গিয়ে তিনি এই কথা জানান।
সড়ক ও সেতুমন্ত্রী বলেন, ‘কোরবানির পশু বোঝাই ট্রাক ও ভারী বৃষ্টির কারণে মহাসড়কে কিছুটা যানজট হচ্ছে। টাঙ্গাইলের এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত ধীরগতির ফলে যাত্রীরা দুর্ভোগে পড়েছেন। ঘরমুখো মানুষের বাড়ি পৌঁছাতে কোথাও কোথাও সমস্যা হচ্ছে। আজও যানবাহনে ধীরগতি আছে। তবে তীব্র যানজট নেই।’
মন্ত্রী আরো বলেন, ‘বেহাল সড়কের কারণে কোথাও যানজট হয়েছে, এমন তথ্য আমার কাছে নাই। পরশু দুর্যোগপূর্ণ আবহাওয়া গেছে, তার কারণে যে গাড়িগুলো আটকে ছিল সে প্রেসারটাও ওই রাস্তার ওপর দিয়ে গেছে। না চাইলেও কোরবানির ঈদে পশুবাহী গাড়ির জন্য রাস্তা ধীর গতির হয়ে যায়। ধীর গতির জন্য গাড়িগুলো আসতে দেরি হচ্ছে। এজন্য টার্মিনালে অনেক যাত্রী বসে কষ্ট পাচ্ছেন।’
যানবাহনে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ‘কোনো যানবাহনে অতিরিক্ত ভাড়া আদায় করার সুনির্দিষ্ট অভিযোগ থাকলে আমাদের কাছে দিন।আমাদের মনিটরিং টিম কাজ করছে। আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিচ্ছি। ’
তিনি আরো বলেন, ‘শুক্রবার পর্যন্ত বেশ কয়েকজনকে এই অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। জনসাধারণকেও বলবো, বাড়তি ভাড়ার বিষয়ে তাৎক্ষণিকভাবে জানাতে।’
যাত্রাপথে ডেঙ্গু নিয়ে ঘরমুখো মানুষকে সচেতন থাকার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘মাঠ পর্যায়ে সচেতনতা বাড়ানো হবে, অ্যাকশন প্ল্যান নেওয়া হবে। ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আমাদের নেতাকর্মীরা দিনরাত কাজ করছে। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে। অন্যদিকে বিএনপির ডেঙ্গু নিয়ন্ত্রণ কর্মসূচি কেবল ফেসবুককেন্দ্রিক।’
এসময় বাংলাদেশ পরিবহন মালিক সমিতির মহাসচিব এনায়েতুল্লাহ, বিআরটিএ চেয়ারম্যান মো. মশিয়ার রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

