আন্তর্জাতিক ডেস্ক : জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা (৩৭০ ধারা) বাতিল করায় ভারতীয় সিদ্ধান্তের বিরুদ্ধে লড়ার অঙ্গীকার করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।
তিনি বলেন, কাশ্মীরের স্বায়ত্বশাসন বাতিলের এই সিদ্ধান্ত আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। ভারত কাশ্মীরীদের জাতিগতভাবে নির্মূল করতে পারে বলেও তিনি আশঙ্কা করছেন বলে জানিয়েছে বিবিসি।
ইমরান খান বলেন, সোমবার ভারত সরকার যে সিদ্ধান্ত ঘোষণা করেছে সে বিষয়ে তিনি ‘বিশ্বকে জানাতে’ চান। তিনি বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের মাধ্যমে আমরা এখন এটি পর্যালোচনা করে দেখছি।
তিনি বলেন, ‘বিষয়টি আমরা সাধারণ পরিষদে তুলবো। সব ফোরামেই রাষ্ট্রপ্রধানদের সঙ্গে আলোচনা করবো, এটি গণমাধ্যমে তুলে ধরবো এবং বিশ্বকে জানাবো আমরা।’
পাকিস্তানের প্রধানমন্ত্রী জানান, জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করার মাধ্যমে ভারত মুসলিম সংখ্যাগরিষ্ঠ কাশ্মীরের জনসংখ্যাতাত্ত্বিক চেহারা পরিবর্তনের সুযোগ পাবে, এমনটি মনে করছেন তিনি।
ইমরান বলেন, ‘আমি শঙ্কিত যে, এখন কাশ্মীরে জাতিগত নির্মূল প্রক্রিয়া শুরু হতে পারে। তারা স্থানীয়দের সরিয়ে অন্যদের এনে তাদের সংখ্যাগরিষ্ঠ বানাতে পারে, যেন স্থানীয়রা দাসে পরিণত হয়।’
প্রসঙ্গত, ভারত সরকার গত সোমবার জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল এবং এটি ভেঙে দুভাগ করে। সিদ্ধান্ত অনুযায়ী জম্মু ও কাশ্মীর এবং লাদাখ হবে আলাদা দুটো কেন্দ্রশাসিত অঞ্চল। আপাতত দুই জায়গায় দ ‘জন লেফটেন্যান্ট গভর্নর কেন্দ্র সরকারের নির্দেশনা অনুযায়ী প্রশাসনিক কর্মকাণ্ড পরিচালনা করবেন। জম্মু ও কাশ্মীরে আইনসভা থাকবে, তবে লাদাখে তা থাকবে না।

