নিজস্ব ডেস্ক : বিংশ শতাব্দীর অন্যতম প্রাবন্ধিক, কবি ও লেখক প্রমথ চৌধুরীর আজ ১৫১তম জন্মদিন। তিনি ১৮৬৮ সালের আজকের এই দিনে জন্মগ্রহণ করেন।
প্রমথ চৌধুরীর পৈতৃক নিবাস ছিল বাংলাদেশের পাবনা জেলার চাটমোহর উপজেলার হরিপুর গ্রামে।
তিনি কলকাতা হেয়ার স্কুল থেকে এন্ট্রাস ও সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে এফ এ পাস করেন। প্রেসিডেন্সি কলেজ থেকে ১৮৮৯খ্রি বিএ(অনার্স)দর্শন, ১৮৯০সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে প্রথম শ্রেণীতে এমএ ডিগ্রী লাভ করেন এবং পরে ব্যারিস্টারি পড়ার জন্য বিলাত যান।
প্রমথ চৌধুরীর বিলাত থেকে ফিরে এসে ব্যারিস্টারি পেশায় যোগদান না করে তিনি কিছুকাল ইংরেজি সাহিত্যে অধ্যাপনা করেন এবং পরে সাহিত্যচর্চায় মনোনিবেশ করেন। তাছাড়া তিনি কিছুদিন কলকাতা হাইকোর্টে আইন ব্যবসা করেন। কিছুকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ের আইন কলেজে পড়ান।
রবীন্দ্রনাথের অগ্রজ সত্যেন্দ্রনাথ ঠাকুরের (১৮৪২-১৯২৩) কন্যা ইন্দিরা দেবীর (১৮৭৩-১৯৬০) সাথে তার বিয়ে হয়।সে হিসেবে তিনি ছিলেন রবীন্দ্রনাথের ভাইঝি জামাই।
বাংলা সাহিত্যের জন্য কাজ করে গেছেন নিরলসভাবে। তার সাহিত্যিক ছদ্মনাম ছিল বীরবল। তিনি মাসিক সবুজপত্র ও বিশ্বভারতী সম্পাদনা করেন। সম্পাদিত সবুজ পত্র বাংলা সাহিত্যে চলতি ভাষারীতি প্রবর্তনে গ্রণী ভূমিকা পালন করে। তারই নেতৃত্বে বাংলা সাহিত্যে নতুন গদ্যধারা সূচিত হয়। তাছাড়া বাংলা সাহিত্যে প্রথম বিদ্রুপাত্মক প্রবন্ধ রচনা করেন। তিনি বাংলা সাহিত্যে ইতালিয় সনেট এর প্রবর্তক।
তার উল্লেখযোগ্য প্রবন্ধগ্রন্থ হলো বীরবলের হালখাতা, তেল নুন লাকড়ী, নানা কথা, আমাদের শিক্ষা, রায়তের কথা, নানাচর্চা ও প্রবন্ধ সংগ্রহ। আহুতি, চার ইয়ারী কথা, ও নীললোহিত তার বিখ্যাত গল্পগ্রন্থ। সনেট পঞ্চাশৎ ও পদচারণ তার অন্যতম কাব্যগ্রন্থ।

