
সাব রেজিস্ট্রার মো. রমজান খান
নিজস্ব প্রতিবেদক : ঢাকা জেলার তেজগাঁও রেজিস্ট্রেশন কমপ্লেক্সে অবস্থিত গুলশান সাব রেজিস্ট্রি অফিসের নতুন সাব রেজিস্ট্রার মো. রমজান খান সম্প্রতি যোগদান করেছেন। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের বিচার শাখা-৬ এর সিনিয়র সহকারী সচিব মো. আনোয়ারুল হক স্বাক্ষরিত গত ১৮ জুলাই এক আদেশে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা উপজেলার সাব রেজিস্ট্রার মো. রমজান খানকে তেজগাঁওস্থ রেজিস্ট্রেশন কমপ্লেক্সে অবস্থিত গুলশান সাব রেজিস্ট্রি অফিসে বদলি করা হয়। সাব রেজিস্ট্রার রমজান খান উক্ত অফিসে যোগদান করেই দলিল সম্পাদন সংক্রান্ত সকল কার্যক্রমে জবাবদিহিতা নিশ্চিতকল্পে সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দেন। দাতা/গ্রহীতা যেন দলিল সম্পাদনে কোন ধরনের হয়রানির শিকার না হন সে ব্যাপারে অফিস সহকারী কিংবা অন্যান্য কর্মচারিকে দায়িত্ব পালনে আরো মনোযোগী হওয়ার নির্দেশনা প্রদান করেন তিনি। ভূমির নামজারি ও খাজনাসহ সকল গুরুত্বপূর্ণ কাগজপত্র হালনাগাদ ছাড়া দলিল উপস্থাপন না করার ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করেন। এছাড়া মিথ্যা ঘোষণা দিয়ে দলিল উপস্থাপন করার ক্ষেত্রেও কঠোর হুঁশিয়ারি দেন তিনি। অন্যদিকে দলিলের নকল সরবরাহে দাতা/গ্রহীতাকে সর্বাত্মক সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দেন। সরকারি খরচের বাইরে অনৈতিক উপায়ে কোন অর্থ আদায়ের অভিযোগ সহ্য করা হবে না বলেও সংশ্লিষ্ট সকলকে সতর্ক করেন। রমজান খান ২০০৪ সালে সাব রেজিস্ট্রার হিসেবে চাকরিতে যোগদান করেন। এরপর দেশের বিভিন্ন উপজেলায় সাব রেজিস্ট্রার হিসেবে অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন। একজন চৌকস ও মিষ্টভাষী কর্মকর্তা হিসেবে সাব রেজিস্ট্রার রমজান খানের রয়েছে ব্যাপক পরিচিতি। অনিয়মের বিরুদ্ধে তিনি আপোসহীন। নীতিবিরোধী কর্মকাণ্ড প্রতিরোধে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। সাব রেজিস্ট্রার রমজান খান বিএসসি (সম্মান), এমএসসি ডিগ্রীপ্রাপ্ত। তিনি ১৯৭৬ সালে ব্রাহ্মণবাড়িয়া জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। স্কুল ও কলেজ জীবনে সর্বক্ষেত্রে প্রতিভার স্বাক্ষর রেখেছেন সাব রেজিস্ট্রার রমজান খান। মেধা তালিকায় শিক্ষাবোর্ডেও স্থান করে নেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী ছাত্র ছিলেন। সাব রেজিস্ট্রার মো. রমজান খান বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস এসোসিয়েশনের (বিআরএসএ) সাংগঠনিক সম্পাদক।

