আন্তর্জাতিক ডেস্ক : হংকংয়ের বিক্ষোভকারীদের উদ্দেশ্যে চীন হুঁশিয়ারি দিয়ে বলেছে, ‘আগুন নিয়ে খেললে কেবল বিপর্যয় ঘটবে।’ মঙ্গলবার চীনের হংকং ও ম্যাকাও অফিস বেইজিংয়ের কাছে দেওয়া ব্রিফিংয়ে এ হুঁশিয়ারি দিয়েছে।
গত জুনে প্রত্যর্পণ বিল প্রত্যাহারের দাবিতে হংকংয়ে আন্দোলন শুরু করে গণতন্ত্রপন্থীরা। আন্দোলনের মুখে হংকংয়ের প্রধান নির্বাহী চীনপন্থী হিসেবে পরিচিত ক্যারি ল্যাম বিলটিকে প্রত্যাহার না করে ‘মৃত’ ঘোষণা করেন। এতে বিক্ষোভকারীরা আরো ক্ষুব্ধ হয় এবং ল্যামের পদত্যাগ ও জাতীয় নির্বাচনের দাবি করে। স্বায়ত্ত্বশাসিত এই অঞ্চলটিতে এখন প্রায় প্রতিদিনই সরকারবিরোধী বিক্ষোভ হচ্ছে।
চীনের হংকং ও ম্যাকাও অফিস বলেছে, ‘সহিংস অপরাধীরা’ নগরীকে বিপদের অতলে নিয়ে যাচ্ছে’ এবং তাদেরকে বিচারের মুখোমুখি করা হবে।
নথিতে বলা হয়েছে, ‘আমি সব অপরাধীকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, পরিস্থিতির অবমূল্যায় করবেন না এবং আমাদের সংযমকে দুর্বলতা ভাববেন না।’
চীনবিরোধী শক্তি ঘটনার পেছনে মূল পরিকল্পনাকারী দাবি করে বলা হয়েছে, এর বিক্ষোভকারীদের খোলাখুলি নির্লজ্জভাবে সমর্থন দিয়ে যাচ্ছে।
হংকং ও ম্যাকাও সম্পর্ক বিষয়ক অফিস বলেছে, ‘আমরা অত্যন্ত ক্ষুদ্র গোষ্ঠী ও সহিংস অপরাধী ও যে নোংরা শক্তি তাদের পেছনে আছে তাদেরকে এটা স্পষ্ট করতে চাই, যারা আগুন নিয়ে খেলছে তাদের পস্তাতে হবে। দিন শেষে তাদেরকে শেষ পর্যন্ত শাস্তি পেতে হবে।’

