নিজস্ব প্রতিবেদক : দেশজ চিকিৎসা পদ্ধতিসমূকে জনপ্রিয় করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার।
তিনি বলেন, চীন, হংকং, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়াসহ পৃথিবীর অনেক দেশেই স্থানীয় চিকিৎসা পদ্ধতিসমূহ স্বাস্থ্যসেবায় উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। আমাদের দেশজ চিকিৎসা পদ্ধতি ইউনানী ও আয়ুর্বেদিক চিকিৎসা শরীরের জন্য উপকারী। এডিস মশা নিয়ন্ত্রণ ও ডেঙ্গু জ্বরের চিকিৎসায় বিকল্প উপায় হিসেবে এসকল চিকিৎসা পদ্ধতিকে কাজে লাগানো যেতে পারে।
মঙ্গলবার শিল্প প্রতিমন্ত্রী রাজধানীর মিরপুরে অবস্থিত সরকারি ইউনানী ও আয়ুর্বেদিক মেডিক্যাল কলেজ ও হাসপাতালের উদ্যোগে বিনামূল্যে ডেঙ্গু জ্বরের পরীক্ষা, সমন্বিত চিকিৎসা ও পরামর্শ কার্যক্রমের জন্য ডেঙ্গু হেল্প ডেস্ক কর্নার এবং বিনামূল্যে ভেষজ গাছ বিতরণ কার্যক্রমের উদ্বোধনকালে এ কথা বলেন।
মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডা. আব্দুল মজিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর (অল্টারনেটিভ মেডিক্যাল কেয়ার) ডা. হাবিবুর রহমান।
শিল্প প্রতিমন্ত্রী ডেঙ্গু রোগের চিকিৎসার জন্য আগত রোগীদের সর্বোচ্চ সেবা প্রদানের জন্য চিকিৎসকদের প্রতি আহ্বান জানান।

