নিজস্ব প্রতিবেদক : এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলামের আশ্বাসে আন্দোলন স্থগিত করেছে পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটি।
সরকারি কোষাগার থেকে বেতন ভাতা ও পেনশনের দাবিতে আন্দোলনের ২২তম দিনে এসে তারা মন্ত্রীর আশ্বাসে আন্দোলন স্থগিত করেন।
সোমবার বেলা ১১টার দিকে সচিবালয়ের ৩ নম্বর গেটে মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্যরা। এসময় মন্ত্রী তাদের দাবির বিষয়ে বিবেচনা করার আশ্বাস দেন।
সংগঠনের সভাপতি আব্দুল আলিম মোল্লা বলেন, ‘আমরা মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছি। তিনি আমাদের দাবি বিবেচনা করার আশ্বাস দিয়েছেন।’
আব্দুল আলিম মোল্লা বলেন, ‘দেশব্যাপী ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। এটি মোকাবেলায় আমাদের পৌরসভায় গিয়ে জনগণের সেবা দিতে হবে। এজন্য আমরা আমাদের আন্দোলন স্থগিত করছি।’
তিনি আরো বলেন, ‘যেহেতু মন্ত্রী বিবেচনার আশ্বাস দিয়েছেন তাই আমরা ৩০ দিন বিষয়টি দেখব। এরপরও যদি আমাদের দাবি বাস্তবায়ন না হয় তাহলে জাতীয় প্রেসক্লাবের সামনে গিয়ে অবস্থান নেব।’

