নিজস্ব প্রতিবেদক : অনলাইনে নিরাপত্তা ঝুঁকি আশঙ্কায় দেশে প্রথম বারের মতো তৈরি হচ্ছে সাইবার জিম। মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে (এমআইএসটি) এটি স্থাপন করা হবে। এর ব্যয় ধরা হয়েছে প্রায় ১২ কোটি টাকা।
রোববার এমআইএসটির অ্যাকাডেমিক ভবনে ‘বিশ্বব্যাপী সাইবার হুমকি এবং বাংলাদেশের প্রস্তুতি’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এ তথ্য জানান।
জুনাইদ আহমেদ পলক বলেন, ‘প্রযুক্তির উৎকর্ষের সঙ্গে সঙ্গে ঝুঁকিও বাড়ছে। এটি মোকাবেলা করতে না পারলে আমরা পিছিয়ে যাব। তাই এখানে সাইবার জিম তৈরি করা হবে। যদি আমাদেরকে কেউ সাইবার হামলা করে তাহলে আমরা এখান থেকে প্রতিহত করতে পারব। এখান থেকে পাল্টা আক্রমণও করা যাবে।’
ঝুঁকির বিষয়টি তুলে ধরে প্রতিমন্ত্রী আরো বলেন, ‘চারটি পর্যায়ে আমরা ঝুঁকিতে আছি। যেমন:ব্যক্তি, পরিবার, প্রতিষ্ঠান ও রাষ্ট্র। এটি আমাদের মোকাবেলা করতে হবে। আর এর নেতৃত্বে দেবে তরুণরা।’
অনুষ্ঠানে বক্তব্য দেন দ্য ইনস্টিটিউট অব পলিসি, অ্যাডভোকেসি ও গভর্নেন্সের চেয়ারম্যান ড. সৈয়দ মুনির খসরু, জাতীয় টেলিযোগাযোগ মনিটরিং কেন্দ্রের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জিয়াউল আহসানসহ জাতীয় ডাটা সেন্টারের পরিচালক প্রকৌশলী তারিক বরকত উল্লাহ।

