নিজস্ব প্রতিবেদক: ঈদুল আজহা উপলক্ষে গত শুক্রবার থেকে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। বিক্রি শুরু হবার ২ দিনের মধ্যেই ৮, ৯ ও ১০ তারিখের টিকিট শেষ হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর গাবতলি বাস টার্মিনালে গিয়ে দেখা গিয়েছে- টিকিট শেষ হয়েছে জানা সত্বেও টিকিটপ্রত্যাশী অনেক যাত্রী আজ বাস কাউন্টারে আসছে।
সকাল থেকেই দেখা গেছে কিছুক্ষন পর পর কিছু যাত্রী ৮ বা ৯ তারিখের টিকিটের জন্য বিভিন্ন কাউন্টারে ঘোরাঘুরি করছে। কিন্তু টিকিট পাচ্ছে না।
আবার অনেকে অভিযোগ করে বলছেন চড়া দামে টিকিট বিক্রি করতেই কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে। কাউন্টার থেকে অল্প সংখ্যক টিকিট বিক্রি করা হচ্ছে। অনেকের ধারণা বাকিটা চড়া দামে বিক্রির জন্য হয়তো রেখে দিয়েছে।
বরিশাল যাওয়ার জন্য টিকিট কিনতে আসা তামিম হোসেনের সাথে কথা হয়, তিনি বলেন-টিকিট শেষ হয়েছে সেটা আগে থেকেই জানতাম। তার পরেও ভাবলাম বেশি দাম দিয়ে হয়তো এখন টিকিট পাওয়া যাবে। তাই একটি টিকিটের আশায় আসছি এখানে।
তবে কাউন্টারম্যানরা বলছেন-অধিকাংশ যাত্রীর চাহিদা ৮, ৯ ও ১০ আগস্টের টিকিট। কিন্তু এই কয়েক দিনের টিকিট আগেই শেষ হয়ে গেছে।
পঞ্চগড় যাওয়ার জন্য আনোয়ার হোসেন ৭ আগস্টের একটি টিকিট কিনেছেন । তিনি বলেন, ৮ আগস্টের টিকিট চেয়ে ৭ আগস্টের টিকিট পেয়েছি। তার মতো অনেকেই টিকিট কিনতে এসে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন।

