নিউজ ডেস্ক : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত কলকাতার ‘বেকার হোস্টেলে’ তার আবক্ষ ভাস্কর্য প্রতিস্থাপনের কাজ চলছে। শনিবার (৩ আগস্ট) এটি আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হবে।
কলকাতা হাইকমিশন সূত্রে জানা গেছে, বাংলাদেশের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম অনুষ্ঠানে থাকবেন। পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদেরও সেখানে থাকার কথা রয়েছে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আবক্ষ ভাস্কর্যটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তৈরি হয়েছে। ৩৬ ইঞ্চি উচ্চতায় এবং ২৮ ইঞ্চি প্রস্থে ১৭০ কেজি ওজনের হালকা ধূসর ভাস্কর্যটি তৈরিতে ব্যবহার হয়েছে সিমেন্ট কাস্টিং। মঙ্গলবার বেনাপোল হয়ে ভাস্কর্যটি বেকার হোস্টেলে আনা হয়।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৪২ সালে কলকাতা ইসলামিয়া কলেজে (বর্তমানে মৌলানা আজাদ কলেজ) ইন্টারমিডিয়েটে ভর্তি হয়ে ধর্মতলা স্ট্রিটের বেকার হোস্টেলের ২৪ নম্বর কক্ষে ওঠেন। তিনি ১৯৪৬ সালে ইসলামিয়া কলেজ ছাত্র সংসদের সাধারণ সম্পাদক (জিএস) নির্বাচিত হন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে ইসলামিয়া কলেজ থেকে ১৯৪৭ সালে বঙ্গবন্ধু রাষ্ট্রবিজ্ঞান ও ইতিহাসে ব্যাচেলর ডিগ্রি অর্জন করেন।
পরে বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত হোস্টেলের কক্ষটি সংরক্ষণের উদ্যোগ নেয় স্থানীয় সরকার। ১৯৯৮ সালের ৩১ জুলাই ওই কক্ষটির উদ্বোধন করা হয়। ২০১১ সালের ২৩ ফেব্রুয়ারি সেখানে নির্মিত হয় বঙ্গবন্ধুর আবক্ষ ভাস্কর্য।
কিন্তু বিদ্যমান ভাস্কর্যটিতে বঙ্গবন্ধুর চেহারা পুরোপুরি ফুটে না ওঠায় বাংলাদেশ তা প্রতিস্থাপনের উদ্যোগ নেয়। এ ভাস্কর্যের শিল্প নির্দেশক শেখ আসমান ও মো. আকতারুজ্জামান। এর স্থপতি লিটন পাল রনি।

