আন্তর্জাতিক ডেস্ক : এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো উত্তর কোরিয়া। বুধবার স্থানীয় সময় ভোরে দেশটির পূর্ব উপকূলের ওনসান এলাকা থেকে দুটি স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয় বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ (জেসিএস)
এক বিবৃতিতে জেসিএস জানিয়েছে, ক্ষেপণাস্ত্র দুটি ২৫০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে জাপান সাগরে (পূর্ব সাগর নামেও পরিচিত) গিয়ে পড়েছে। গত ২৫ জুলাই যে দুটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়েছিল সেগুলো একই মাত্রার দূরত্ব অতিক্রম করেছিল। সেই হিসেবে বুধবার উৎক্ষেপিত ক্ষেপণাস্ত্র দুটিকে তেমনই বলে ধারণা করা হচ্ছে।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, কেএন-২৩ নামের ক্ষেপণাস্ত্রগুলো ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এড়ানোর জন্য তৈরি করা হয়েছে। এগুলো সহজেই লুকানো, উৎক্ষেপণ এবং রণকৌশলে ব্যবহার করা যায়।
দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রী জিয়ং কিয়ং-ডু জানিয়েছেন, কেএন-২৩ এর মতো ক্ষেপণাস্ত্রকে ঠেকানো মুশকিল হতে পারে। তবে দক্ষিণ কোরিয়ার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায় এটি ঠেকানোর মতো সামর্থ্য আছে।

