আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে সড়কে পেতে রাখা বোমা বিস্ফোরণে একটি যাত্রীবাহী বাসের অন্তত ৩৫ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২৭ জন।
বুধবার ফারাহ প্রদেশের আব খোরমা এলাকায় হেরাত ও কান্দাহারকে সংযোগকারী মহাসড়কে এ ঘটনা ঘটেছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
ফারাহ প্রদেশ পুলিশের মুখপাত্র মোহিবুল্লাহ মোহিব বলেন, ‘আফগান ও বিদেশি নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে তালেবান বিদ্রোহীরা বোমাটি পেতে রেখেছিল।’হতাহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে বলে জানিয়েছেন তিনি।
তবে তালেবান এই অভিযোগ অস্বীকার করেছে।
তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেন, ‘তালেবান এই বিস্ফোরণ ঘটায়নি, আমরা এ ঘটনার তদন্ত করছি।’
এ পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।

