আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের কাবুলে ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থীর কার্যালয়ের সামনে আত্মঘাতী বোমা হামলা ও গুলিতে ২০ জন নিহত হয়েছে।
হামলায় আহত হয়েছেন ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী আমরুল্লাহ সালেহসহ অন্তত ৫০ জন। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
সোমবার আফগানিস্তানের কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বিবিসি ও গাল্ফ নিউজ এ খবর প্রকাশ করেছে।
আফগান সরকার এক বিবৃতিতে জানায়, আমরুল্লাহ সালেহর কার্যালয়ের সামনে ওই সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। সালেহ বর্তমান প্রেসিডেন্ট আশরাফ গনির একজন ঘনিষ্ঠ সহযোগি।
আফগানিস্তানে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচার কার্যক্রম শুরু হয়েছে রোববার থেকে। আর দুই মাসব্যাপী নির্বাচনী প্রচারের প্রথম দিনই হামলার শিকার হলেন সালেহ। এখন পর্যন্ত কেউ এ হামলার দায় স্বীকার করেনি।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র সাংবাদিকদের জানিয়েছেন, সালেহর অফিসের কাছে বিস্ফোরক ভর্তি একটি গাড়ি নিয়ে এসে তা উড়িয়ে দেয় এক আত্মাঘাতি হামলাকারী।
এরপর কয়েকজন জঙ্গি ওই ভবনে প্রবেশ করে এবং নিরাপত্তা বাহিনীর সদস্যদের গুলিতে নিহত হওয়ার আগে প্রায় ছয় ঘণ্টা ভিতরে ছিল তারা। পরে সেখান থেকে প্রায় দেড়’শ মানুষকে উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
ওই ভবনে সালেহর নেতৃত্বে পরিচালিত একটি সামাজিক ও তৃণমূল পর্যায়ের দুর্নীতি বিরোধী সংস্থা গ্রিন ট্রেন্ডের কার্যালয় রয়েছে।
আগামী ২৮ সেপ্টেম্বর দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা। এর আগে দুবার এই নির্বাচনের তারিখ পিছিয়েছে।

