নিজস্ব প্রতিবেদক : রেলের ডাবল লাইন না হওয়া পর্যন্ত সিডিউল বিপর্যয় বন্ধ হবে না বলে মন্তব্য করেছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।
তিনি বলেন, এখন এক লাইন দিয়ে ট্রেন চলছে। যাত্রীর চাপ বেশি, বিশেষ করে ঈদের সময়। এ সময়ে ট্রেনের সংখ্যাও বাড়ানো হয়। ডাবল লাইন না হওয়া পর্যন্ত এই সিডিউল বিপর্যয় বন্ধ করা সম্ভব নয়।
সোমবার কমলাপুর রেল স্টেশনে ঈদুল আজহার অগ্রিম টিকিট বিক্রির কার্যক্রম পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন মন্ত্রী। এ সময় রেলের মহাপরিচালক মো. শামসুজ্জামান, অতিরিক্ত মহাপরিচালক মিয়া জাহানসহ রেলের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রেলমন্ত্রী বলেন, গতবার অগ্রিম টিকিট বিক্রির পরিস্থিতি একটু এলোমেলো ছিল। এবার পরিবেশ দেখে উন্নতি হয়েছে বলে মনে হচ্ছে। বাকিটা আপনাদের বিবেচনা। আগামী ১২ আগস্ট সম্ভাব্য ঈদুল আজহার তারিখ ধরে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছি। যাত্রীদের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এখানে র্যাব, পুলিশ ও রেলওয়ের নিজস্ব নিরাপত্তা কর্মীসহ সবাই একসঙ্গে নিরাপত্তা নিশ্চিত করছে।
এবারও অনলাইন ও মোবাইল অ্যাপসের টিকিট পেতে ভোগান্তি হচ্ছে এমন অভিযোগ প্রসঙ্গে মন্ত্রী বলেন, ৫ লাখ লোক যদি একসঙ্গে টিকিটের জন্য অ্যাপসে হিট করে তাহলে টিকেট দেয়া সম্ভব নয়। কারণ আমরা অ্যাপসের টিকিট দিচ্ছি ১০ হাজার। এর মানে আমি চার লাখ ৯০ হাজার লোককে টিকিট দিতে পারছি না। কাজেই তাদের ভয়েস বেশি হবে। আমাদের সাধ্যের মধ্যে যা আছে আমরা তাই দিচ্ছি।
মন্ত্রী আরো বলেন, এখন থেকে আন্তঃনগর, মেইল সব মিলিয়ে ৫৯ হাজার ৬৭৭ টিকিট একদিনের জন্য যাত্রীদের কাছে বিক্রি করা হবে। আজকে ১০ হাজার ৭৭৪টি টিকিট মোবাইল অ্যাপস ও ই-সেবার মাধ্যমে বিক্রি করার নির্দেশ দেওয়া হয়েছে। সকাল ছয়টা থেকে সাড়ে দশটা পর্যন্ত অ্যাপসে বিক্রি হয়েছে ৩ হাজার ৬৭৪ আর ই-সেবার মাধ্যমে বিক্রি হয়েছে তিন হাজার ৭৮৯টি টিকিট। টিকিট অবিক্রিত রয়েছে তিন হাজার ৩৫১টি টিকিট। মোবাইল অ্যাপস ও ই-সেবার মাধ্যমে মোট সাত হাজার ৪৬৩টি টিকিট বিক্রি হয়েছে। এ সময় কাউন্টারে বিক্রি হয়েছে তিন হাজার ৩৭টি টিকিট।

