আন্তর্জাতিক ডেস্ক : সাগরে দুটি স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফের (জেসিএস) বরাত দিয়ে বৃহস্পতিবার বিবিসি এ তথ্য জানিয়েছে।
বৃহস্পতিবার ভোরে ক্ষেপণাস্ত্র দুটি উৎক্ষেপণ করা হয়। ক্ষেপনাস্ত্র দুটি ৪৩০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে জাপান সাগরে (পূর্ব সাগর নামেও পরিচিত) পড়ার আগে ৫০ কিলোমিটার উচ্চতায় উঠেছিল।
আগামী মাসে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়ার পরিকল্পনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানানোর পর উত্তর কোরিয়া এই ক্ষেপণাস্ত্র ছুড়ল। পিয়ংইয়ং হুঁশিয়ারি দিয়ে বলেছিল,সামরিক মহড়ার পরিকল্পনায় পারমাণবিক নিরস্ত্রীকরণ আলোচনা পুনরায় শুরু করার বিষয়টি ক্ষতিগ্রস্ত হতে পারে।
বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৫টা ৩৪ মিনিটের দিকে প্রথম ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়। এর তিন মিনিটের মাথায় ৫টা ৫৭ মিনিটে দ্বিতীয়টি উৎক্ষেপণ করা হয় বলে জানিয়েছে জেসিএস। উত্তর কোরিয়ার পূর্বাঞ্চলীয় শহর ওনসানের কাছ থেকে ক্ষেপণাস্ত্র দুটি ছোড়া হয়। দেশটির শীর্ষ নেতা কিম জং উন এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ প্রত্যক্ষ করেছেন কি না, তা জানা যায়নি।

