আন্তর্জাতিক ডেস্ক : স্বাধীনতার পথে হাঁটলেই তাইওয়ানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে চীন। বুধবার চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ হুমকি দিয়েছে।
যুক্তরাষ্ট্র তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রি করে বিশ্বকে অস্থিতিশীলতার মুখে ফেলছে বলেও অভিযোগ করেছে চীন।
চলতি মাসে পেন্টাগন জানিয়েছে, তাইওয়ানের অনুরোধে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় দেশটির কাছে ট্যাঙ্ক ও স্টিঙ্গার ক্ষেপণাস্ত্রসহ প্রায় ২২০ কোটি ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে চীন জানিয়েছে, এ অস্ত্র বিক্রির সঙ্গে জড়িত মার্কিন কোম্পানিগুলোর ওপর তারা নিষেধাজ্ঞা আরোপ করবে।
চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র উ কিয়ান বলেছেন, তাইওয়ানের সঙ্গে শান্তিপূর্ণ পুনরায় একত্রীকরণের চেষ্টা চালিয়ে যাচ্ছে বেইজিং।
তিনি বলেন,‘আমরা দৃঢ়ভাবে উল্লেখ করতে চাই স্বাধীনতা প্রত্যাশা তাইওয়ানকে শেষ সীমানায় পৌঁছে দেবে।
কিয়ান বলেন, ‘যদি কেউ তাইওয়ানকে এদেশ থেকে বিচ্ছিন্ন করার দুঃসাহস দেখায় তাহলে চীনের সেনাবাহিনী জাতীয় সার্বভৌমত্ব, ঐক্য ও আঞ্চলিক অখণ্ডতার সুরক্ষায় যুদ্ধে যেতে প্রস্তুত।’
তাইওয়ানকে নিজেদের অংশ হিসেবে বিবেচনা করে আসছে চীন। প্রয়োজনে স্বশাসিত তাইওয়ানকে নিজেদের নিয়ন্ত্রণে আনতে সামরিক শক্তি প্রয়োগ করা হবে বলে একাধিকবার হুমকি দিয়েছে বেইজিং।

