নিজস্ব প্রতিবেদক : বৃদ্ধাশ্রম যেন না হয় মা-বাবার শেষ ঠিকানা, এটা হোক সন্তানের শপথ এই শ্লোগান সামনে রেখে বাংলাদেশ সিনিয়র সিটিজেন এসোসিয়েশন (বাচকা) ও জেরিয়াট্রিক ওয়েলফেয়ার ফাউন্ডেশনের লোগো উন্মোচন করা হয়েছে।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এই লোগো উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের প্রাক্তন সচিব কাজী আখতার হোসেন, শ্রম ও কল্যাণ মন্ত্রনালয়ের প্রাকত্ন যুগ্মসচিব ম আ কাশেম মাসুদ, নাট্য ব্যক্তিত্ব ড. ইনামুল হক, ভাস্কর মৃনাল হক, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পত্রিকার প্রধান প্রতিবেদক ড. এম হেলাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তাপস বিশ্বাস, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ড. মো. ছরোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, আমাদের দেশ ও সংস্কৃতি যৌথ পরিবারের সংস্কৃতি। কয়েক প্রজন্ম একই ছাদের নিচে বাস করে। কিন্তু শহুরে জীবনে এটা সম্ভব নয়। গ্রামীন জীবনে এখনও যৌথপরিবার দেখা যায়। কিন্তু ক্রমান্বয়ে তা আত্মকেন্দ্রিক হয়ে যাচ্ছে। ছেলে-মেয়েদের বাইরে কারো কথা চিন্তা করতে পারছে না। আবার ছেলে-মেয়েরা বড় হয়ে মা-বাবার কথা চিন্তা করছে না। যারা প্রবীন তাদের নানা সমস্যা থাকে। তাদের জন্য বাংলাদেশ সিনিয়র সিটিজেন অ্যাসোসিয়েশন (বাচকা) ও জেরিয়াট্রিক ওয়েলফেয়ার ফাউন্ডেশন কাজ করার সিদ্ধান্ত নিয়েছে।’

