নিজস্ব প্রতিবেদক : শিক্ষার্থীদের জন্য নিরাপদ শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
তিনি জানান, পুরো দেশের শিক্ষার্থীদের সঙ্গে ক্লাস শেয়ার করার সুযোগ করে দিতে শিক্ষাটিভি চালু করার কথা ভাবছে সরকার।
মন্ত্রী বলেন, ‘জেলা প্রশাসকদের সম্মেলনে তাদের প্রতি শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে নির্দেশনা দেয়া হয়েছে। আমরা বলেছি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে তারা যেনো কোনোভাবেই যৌন হয়রানির শিকার না হয়, তা নিশ্চিত করতে হবে।’
সোমবার ডিসি সম্মেলনের দ্বিতীয় দিনের তৃতীয় অধিবেশনে এসব নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। সচিবালয়ে মন্ত্রিসভা কক্ষে এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোহাম্মদ শফিউল আলম সম্মেলনে সভাপতিত্ব করেন।
শিক্ষামন্ত্রী অধিবেশন শেষে সাংবাদিকদের বলেন, ‘ভালো শিক্ষকদের ক্লাসগুলো প্রত্যন্ত এলাকার শিক্ষার্থীদের সঙ্গে শেয়ার করার প্রস্তাব দিয়েছিলেন জেলা প্রশাসকরা। এজন্য ভালো মানের শিক্ষকদের অতিথি হিসেবে বিভিন্ন স্কুলে পাঠানোর কথা বলা হয়েছিলো। তবে, আমরা ভেবে দেখেছি এটা অনেকাংশেই সম্ভব হবে না। পুরো দেশের শিক্ষার্থীদের সঙ্গে ক্লাস শেয়ার করার সুযোগ করে দিতে শিক্ষাটিভি চালু করার কথা ভাবছে সরকার। এই টিভির মাধ্যমে কেবল রাজধানী বা বড় বড় শহরের ভালো শিক্ষাপ্রতিষ্ঠানের নামীদামী শিক্ষক নয়; প্রত্যন্ত এলাকার ভালো শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের ক্লাসও শিক্ষাটিভির মাধ্যমে প্রচারের ব্যবস্থা নেওয়া হবে।’
শিক্ষামন্ত্রী আরও জানান, জেলা প্রশাসকদের কোচিং ও নোটবই বন্ধে কাজ করার নির্দেশনা দেয়া হয়েছে। শিক্ষার্থীদের খেলার মাঠ যাতে দখল না হয় সেদিকেও লক্ষ্য রাখার নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়া প্রতিটি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা নিয়মিত উত্তোলন এবং জাতীয় সঙ্গীত নিয়মিত পরিবেশন করতে বলা হয়েছে।

