আন্তর্জাতিক ডেস্ক : ভারতে মুসলিমদের ওপর নির্যাতনের মাত্রা দিন দিন বাড়ছে। বিজেপির প্রথম দফা ক্ষমতায় গরু রক্ষার নামে মুসলিমদের হেনস্থার চিত্র প্রতিনিয়ত উঠে এসেছে। একই দলের দ্বিতীয়বারের ক্ষমতায় ‘জয় শ্রীরাম’ স্লোগানকে বেছে নিয়েছে কট্টর হিন্দুত্ববাদীরা। এবার তাদের শিকার হয়েছে বেশ কয়েকজন মাদ্রাসা ছাত্র। জয় শ্রীরাম না বলায় তাদের মারধর করা হয়েছে। ভারতের উত্তরপ্রদেশের উন্নাও জেলায় এ ঘটনা ঘটেছে।
এই ঘটনার পর সেখানে সাম্প্রদায়িক অস্থিতিশীলতা সৃষ্টি হয়েছে। হিন্দু ও মুসলিমদের মধ্যে পাল্টাপাল্টি বিক্ষোভ প্রদর্শনের পরে উন্নাও শহরে ব্যাপক হারে পুলিশ আর বিশেষ নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।
যে মাদ্রাসার ছাত্ররা মার খেয়েছে, সেখানকার কর্মকর্তারা অভিযোগ করছেন, ছাত্রদের দিয়ে জোর করে ‘জয় শ্রীরাম’ বলানোর চেষ্টা করা হয়েছিল। কিন্তু ওই স্লোগান দিতে অস্বীকার করায় তাদের ব্যাপক মারধর করা হয়।
মাদ্রাসা দার-উল উলুমের পরিচালক মো. নাঈম জানান, ‘‘কয়েকজন ছাত্র বৃহস্পতিবার দুপুরে স্থানীয় জিআইসি ময়দানে ক্রিকেট খেলতে গিয়েছিল। ১২-১৪ বছরের কয়েকজন ছাত্র যখন ওই মাঠে খেলছিল, সেখানে কয়েকজন বয়সে বড় কিছু ছেলে হাজির হয়। তারা ব্যাট কেড়ে নিয়ে ‘জয় শ্রীরাম’ স্লোগান দেওয়ার জন্য জবরদস্তি করতে থাকে। আমাদের ছাত্ররা জয় শ্রীরাম বলতে অস্বীকার করে। তখন ওই ক্রিকেট ব্যাট দিয়েই মারা হয়। কয়েকজন ছাত্রের মাথা ফেটে গেছে।’’
তার অভিযোগের ভিত্তিতেই পুলিশ চারজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে স্থানীয় হিন্দু নেতারা দাবি করেছেন, সেখানে এমন কিছুই ঘটেনি। সামান্য মারামারির ঘটনাকে ধর্মীয় রঙ লাগানো হচ্ছে।

