নিউজ ডেস্ক : জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পৃথক পৃথক শোকবার্তায় তারা এই শোক প্রকাশ করেন।
এক শোকবার্তায় রাষ্ট্রপতি এরশাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়েছে, ‘শেখ হাসিনা এক শোকবার্তায় বিরোধীদলীয় নেতা হিসেবে সংসদে হুসেইন মুহাম্মদ এরশাদের গঠনমূলক ভূমিকার কথা স্মরণ করেন’ এবং
তার আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
রোববার সকাল পৌনে ৮টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক (সিএমএইচ) হাসপাতালে মারা যান এরশাদ। এর আগে গত ১০ দিন ধরে ওই হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন সাবেক রাষ্ট্রপতি।
এছাড়া হুসেইন মুহাম্মদ এরশাদের মৃত্যুতে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এবং সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
প্রসঙ্গত, গত ১০ দিন ধরে ঢাকার সম্মিলিত সামরিক (সিএমএইচ) হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা এরশাদ রোববার সকালে মারা যান। তার বয়স হয়েছিল ৮৯ বছর।

