আন্তর্জাতিক ডেস্ক : সোমালিয়ায় একটি হোটেলে সন্ত্রাসীদের এলাপাতাড়ি গুলিতে এক সাংবাদিকসহ অন্তত ২৬ জন নিহত হয়েছেন।
কর্মকর্তারা জানিয়েছেন, শুক্রবার দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর কিসমায়োর আসাসে হোটেলে এ সন্ত্রাসী হামলা হয়।
বিবিসি ও ইনডিপেন্ডেন্ট জানিয়েছে, নিহতদের মধ্যে সোমালি-কানাডীয় এক টিভি সাংবাদিক ও তার স্বামী এবং প্রাক্তন এক মন্ত্রী ও এক আইনপ্রণেতা রয়েছেন।
স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, আত্মঘাতী এক হামলাকারী প্রথমে হোটেলের বাইরে গাড়িবোমার বিস্ফোরণ ঘটায়। এরপর বন্দুকধারীরা ওই হোটেলে ঢুকে নির্বিচারে গুলি ছুড়তে শুরু করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গাড়িবোমা বিস্ফোরণের পরপরই তারা হোটেলের ভেতর গুলিবর্ষণের শব্দ শুনতে পান।
হামলার সময় ওই হোটেলের একটি কক্ষে দেশটির আঞ্চলিক পর্যায়ের রাজনীতিবিদ ও বিভিন্ন গোত্রের বয়োজ্যেষ্ঠরা আসন্ন আঞ্চলিক নির্বাচন নিয়ে আলোচনা করছিলেন।
জঙ্গিগোষ্ঠী আল-শাবাব এ হামলার দায় স্বীকার করেছে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, নিরাপত্তা বাহিনী রাতভর অভিযান চালিয়ে বন্দুকধারীদের হত্যা করে বলে এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।
নিরাপত্তা কর্মকর্তা আবদি ঢুহুল সংবাদ সংস্থা এএফপিকে জানিয়েছেন, নিহতদের মধ্যে স্থানীয় প্রশাসনের একজন প্রাক্তন মন্ত্রী এবং একজন আইনপ্রণেতা রয়েছেন।
স্থানীয় সংবাদমাধ্যম এবং সোমালি জার্নালিস্টস অ্যাসোসিয়েশন জানিয়েছে, নিহতদের মধ্যে নালায়েহ (৪৩) ও তার স্বামী ফরিদ রয়েছেন।
ইন্টিগ্রেশন টিভির ইংরেজি ভাষার একটি অনুষ্ঠান প্রযোজনা ও উপস্থাপনা করতেন সাংবাদিক নালায়েহ। ওই অনুষ্ঠানে তিনি সোমালিদের জীবনযাপন নিয়ে কথা বলতেন। তিনি তার সাম্প্রতিক অনুষ্ঠানগুলোতে সোমালিয়ার নারী উদ্যোক্তাদের ইতিবাচক ভূমিকার ওপর আলোকপাত করেছিলেন।

