নিজস্ব প্রতিবেদক: আগামীবছর কানাডার টরন্টোতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘কানাডা সিয়াল ২০২০’ ফেয়ার। এতে বাংলাদেশি রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো অংশ নিতে পারবে। এ জন্য তালিকাভুক্তির কাজ চলছে।
রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) সূত্রে জানা যায়, ২০২০ সালের ১৫ থেকে ১৭ জুলাই পর্যন্ত কানাডার অন্যতম গুরুত্বপূর্ণ শহর টরন্টোতে অনুষ্ঠিত হবে ‘কানাডা এসআইএএল ২০২০’ ফেয়ার। এটি সিয়াল ফেয়ার নামেই পরিচিত। এটি হতে যাচ্ছে আন্তর্জাতিক রপ্তানিকারকদের একটি মিলনমেলা।
আগামী ২২ জুলাইয়ের মধ্যে ফেয়ারে অংশ নেওয়ার জন্য আবেদন করা যাবে। আবেদন ফর্ম ইপিবির ওয়েবসাইটে পাওয়া যাবে।
ইপিবির উপ-পরিচালক (মেলা ও প্রদর্শনী) আবু মোখলেছ আলমগীর হোসেন জানান, আগামীবছর কানাডার টরন্টোতে অনুষ্ঠিতব্য ‘সিয়াল কানাডা ২০২০’ শীর্ষক মেলায় অংশগ্রহণের জন্য ইপিবি প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে। দেশের স্বনামধন্য রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে এই মেলায় অংশগ্রহণের জন্য আবেদন চাওয়া হচ্ছে। আবেদনপত্রের সাথে অগ্রিম বুকিং ফি পে-অর্ডার আকারে ২২ জুলাই পর্যন্ত ইপিবির মেলা ও প্রদর্শনী বিভাগে জমা দেওয়া যাবে।
তিনি জানান, পরবর্তী সময়ে মেলায় অংশগ্রহণ ফি প্রতিষ্ঠানের সক্ষমতা অনুযায়ী ইপিবি নির্ধারণ করবে।
তিনি আরও জানান, মেলায় অংশগ্রহণের আগ্রহী প্রতিষ্ঠান সুনির্দিষ্ট কিছু মাপকাঠির ভিত্তিতে বাছাই প্রক্রিয়ার মাধ্যমে চূড়ান্ত হবে।
জানা যায়, ফেয়ারে বেশ কয়েকটি বিজনেস সেশন অনুষ্ঠিত হবে। আন্তর্জাতিক বাণিজ্য বিশেষজ্ঞরা এ সেশনগুলোতে বক্তব্য ও বিভিন্ন প্রশ্নের জবাব দেবেন। অংশগ্রহণকারী রপ্তানিকারকদের সঙ্গে বিভিন্ন আন্তর্জাতিক ক্রেতা কোম্পানিসমূহের ওয়ান-টু-ওয়ান ম্যাচমেকিং বৈঠকের আয়োজন থাকবে।
প্রসঙ্গত, বাংলাদেশের রপ্তানি পণ্যের অন্যতম বাজার কানাডা। বাংলাদেশ সরকার বিনিয়োগকারীদের বিশেষ সুযোগ-সুবিধা দিচ্ছে। গত অর্থবছরে বাংলাদেশ কানাডায় ১১১ কোটি ৮৭ লাখ ১০ হাজার ডলার মূল্যের পণ্য রপ্তানি করেছে। একই সময়ে আমদানি করেছে ৪৯ কোটি ৮১ লাখ ৬০ হাজার ডলার মূল্যের পণ্য।

