নিজস্ব প্রতিবেদক: স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এসডিজি অর্জনে সঠিক পথেই এগুচ্ছে। অনেক ক্ষেত্রে এ অর্জন দৃশ্যমান।
এসডিজি অর্জনে বাংলদেশের সফলতা বিশ্ব নন্দিত উল্লেখ করে তিনি বলেন, ‘এসডিজির ধারাবাহিকতায় লক্ষ্য অর্জনে বাংলাদেশ সফল হবে।’
সোমবার সংসদ ভবনের শপথ কক্ষে সংসদ সদস্যদের নিয়ে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
কর্মশালায় ৭৫ জন সংসদ সদস্য ও জাতীয় সংসদ সচিবালয়ের ৩০ জন কর্মকর্তা অংশ নেন।
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো: ফজলে রাব্বী মিয়া এমপি কর্মশালায় প্রশ্নোত্তর পর্ব সঞ্চালনা করেন।
ড. শিরীন শারমিন বলেন, ‘এসডিজি অর্জনে সংসদ সদস্যদের ভূমিকা রাখার অবারিত সুযোগ রয়েছে।’ তিনি এসডিজি লক্ষ্য বাস্তবায়নে সংসদ সদস্যদের নিজ নিজ সংসদীয় এলাকায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান। জাতীয় সংসদে এসডিজি বিষয়ক একটি সেল গঠনের উদ্যোগ নেওয়া হবে যেখান থেকে সংরক্ষিত আসনের সংসদ সদস্যদের সর্বাত্মক সহযোগিতা করা হবে বলে তিনি উল্লেখ করেন।
জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন ইউএনডিপি’র কান্ট্রি ডিরেক্টর সুদীপ্ত মুখার্জী।
কর্মশালায় জাতীয় সংসদের হুইপ মো. আতিউর রহমান আতিক, ইকবালুর রহিম, মাহবুব আরা বেগম গিনি, সামশুল হক চৌধুরী, পঞ্চানন বিশ্বাস উপস্থিত ছিলেন।

