নিজস্ব প্রতিবেদক : রাজধানীর গুরুত্বপূর্ণ তিনটি সড়কে রিকশা চলাচলের নিষেধাজ্ঞা মঙ্গলবারের মধ্যে সুরাহা করার আল্টিমেটাম দিয়েছেন রিকশাচালক ও মালিকরা।
সোমবার দুপুর দেড়টার দিকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার প্রাথমিক আশ্বাস পেয়ে রিকশাচালকরা দাবি জানান, মঙ্গলবারের মধ্যে এ বিষয়ে সুরাহা করতে হবে। তা না হলে হলে তারা আবারও আন্দোলনে নামবেন।
এর আগো দুপুর দেড়টার দিকে মুগদা ৬নং ওয়ার্ড কাউন্সিলর বিএম সিরাজুল ইসলাম, মান্ডা ৭১নং ওয়ার্ডের কাউন্সিলর শফিকুল আলম শামীম, ৭২নং ওয়ার্ডের কাউন্সিলর খায়রুজ্জামান খায়রুল ও স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের আশ্বাসে তারা সড়ক অবরোধ তুলে চলে যান।
মুগদা ও মান্ডার ওয়ার্ড কাউন্সিল ও স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা রিকশাচালকদের আশ্বাস দেন, এ বিষয়ে সিটি মেয়রের সঙ্গে কথা বলে বিষয়টি সুরাহা করা হবে।
এর আগে, সোমবার সকাল ৭টা থেকে সড়ক অবরোধ করে আন্দোলনে নামেন রিকশাচালক-মালিকরা। রাজধানীর মুগদা, মানিকনগর, মান্ডাসহ বেশ কয়েকটি এলাকার সড়কে অবস্থান নেন তারা। এতে দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ।
গত ৩ জুলাই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) নগর ভবনে ঢাকা ট্রান্সপোর্ট কন্ট্রোল অথরিটির (ডিটিসিএ) এক বৈঠকে রাজধানীর দুটি রুটে রিকশা চলাচল বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়। গতকাল রোববার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়।
প্রাথমিকভাবে গাবতলী থেকে আসাদগেট হয়ে আজিমপুর ও সায়েন্স ল্যাব থেকে শাহবাগ পর্যন্ত রিকশা চলাচল করবে না। এছাড়া কুড়িল বিশ্ব রোড থেকে রামপুরা হয়ে খিলগাঁও-সায়েদাবাদ পর্যন্ত রিকশাসহ অন্যান্য ধীরগতির যানবাহন চলাচল নিষিদ্ধের সিদ্ধান্ত নেয়া হয়।

