নিজস্ব প্রতিবেদক : একাদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির চতুর্থ বৈঠক হয়েছে।
কমিটির সভাপতি মোঃ শহীদুজ্জামান সরকার এমপির সভাপতিত্বে এ বৈঠক বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ও বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) সিস্টেম লস আরো কমানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।
কমিটির সদস্য মোঃ আবু জাহির, এস এম জগলুল হায়দার, মোঃ নূরুল ইসলাম তালুকদার, মোঃ আছলাম হোসেন সওদাগর, মোছাঃ খালেদা খানম এবং বেগম নার্গিস রহমান বৈঠকে অংশগ্রহণ করেন।
কমিটি গ্রাহকদের ভোগান্তি লাঘবে অনিয়মে জড়িত সংশ্লিষ্ট ঠিকাদারদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মনিটরিং সেল গঠন করার সুপারিশ করে। এছাড়া চলমান মেগা প্রকল্পগুলো সরেজমিনে পরিদর্শনের সিদ্ধান্ত নেওয়া হয়।
বিদ্যুৎ বিভাগ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন।

