নিজস্ব প্রতিবেদক: জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, দুর্নীতিমুক্ত দেশ গঠন করার লক্ষ্য নিয়ে প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার কাজ করছে। দুর্নীতি নির্মূল বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকারও। অঙ্গীকার পূরণে দেশের সকল পর্যায়ে দুর্নীতি নির্মুলে সরকার বদ্ধ পরিকর। দুর্নীতির বিরুদ্ধে সব পর্যায়ে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে অনুসরণ করা হবে।
বুধবার দুপুরে সচিবালয়ে কেন্দ্রীয় লাইব্রেরির সম্মেলন কক্ষে জনপ্রশাসন মন্ত্রণালয়ের শুদ্ধাচার পুরস্কার ২০১৭-১৮ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘দুর্নীতির পাশাপাশি জঙ্গিবাদ ও মাদক দেশের জন্য অত্যন্ত ক্ষতিকর। তাই দুর্নীতির পাশাপাশি জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি।’
তিনি বলেন, ‘বর্তমান সরকারের আমলে জনপ্রশাসনে দক্ষতা বৃদ্ধি, দুর্নীতি দমন ও শুদ্ধাচার প্রতিষ্ঠার লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়িত হয়েছে। জনপ্রশাসনে নিযুক্ত কর্মচারীদেরকে স্বচ্ছতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে। নাগরিকদের সেবা নিশ্চিত করতে হবে। সঠিকভাবে দায়িত্ব পালন ও নাগরিক সেবা নিশ্চিত করতে জনপ্রশাসনের বিধি বিধানের পরিবর্তন ও সংস্কার সাধন করে একে অধিকতর যুগোপযোগী করা হচ্ছে।’
প্রতিমন্ত্রী এ সময় রাষ্ট্রীয় ও সামাজিক প্রতিষ্ঠানসমূহে সুশাসন প্রতিষ্ঠা করতে রাষ্ট্রের সকল পর্যায়ে শুদ্ধাচার প্রতিষ্ঠার আহ্বান জানান।
তিনি বলেন, ‘দেশের উন্নয়নকে ত্বরান্বিত করে বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে হলে সকলকে শুদ্ধাচার চর্চা করতে হবে।’
তিনি এ সময় জনগণকে দ্রুততম সময়ে মানসম্মত সেবা প্রদানের লক্ষ্যে সরকারি কর্মচারীদের প্রতি নিষ্ঠা ও আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান জানান।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ফয়েজ আহম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের রেক্টর ড. এম. আসলাম আলম বক্তব্য রাখেন।
প্রতিমন্ত্রী শুদ্ধাচার পুরস্কারে ভূষিত কর্মকর্তা কর্মচারীদের হাতে পুরস্কারের সনদ ও এক মাসের বেতনের সমপরিমাণ অর্থ তুলে দেন।
এ বছর জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন দপ্তর ও সংস্থা প্রধানদের মধ্যে বিয়াম ফাউন্ডেশনের প্রাক্তন মহাপরিচালক শেখ মুজিবুর রহমান, এনডিসি (বর্তমানে সচিব, সমন্বয় ও সংস্কার, মন্ত্রিপরিষদ বিভাগ), গ্রেড-১ হতে গ্রেড-১০ ভুক্ত ক্যাটাগরিতে ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখার উপসচিব মো. তমিজুল ইসলাম খান এবং গ্রেড-১১ হতে গ্রেড-২০ ভুক্ত ক্যাটাগরিতে প্রতিমন্ত্রীর দপ্তরের অফিস সহায়ক মো. জাকির হোসেন ভূইয়া শুদ্ধাচার পুরস্কার পান।

