নিজস্ব প্রতিবেদক : স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, জনগণের অধিকার সুরক্ষায় বিশ্বের সব রাজনীতিবিদদের একই ভাষায় সোচ্চার হতে হবে। রাজনীতির অভিন্ন রূপ হতে হবে কল্যাণময় বিশ্ব প্রতিষ্ঠা করা।
বুধবার রাশিয়ার মস্কোয় ‘ডেভেলপমেন্ট অব পার্লামেন্টারিজম-২০১৯’ এর দুই দিনব্যাপী কনফারেন্সে অংশ নিয়ে এ কথা বলেন। ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে দ্য স্টেট দুমা অব দ্য ফেডারেল অ্যাসেম্বলি অব দ্য রাশিয়ান ফেডারেশন এ কনফারেন্সের আয়োজন করে।
স্পিকার বলেন, ‘গণতন্ত্রের সুফল ও ইতিবাচক মূল্যবোধ হতে হবে সমাজে কেউ পিছিয়ে থাকবে না। তবেই গণতন্ত্র টেকসই হবে। দারিদ্রতা দূরীকরণ, খাদ্য নিরাপত্তা, শরণার্থী, অভিবাসন সমস্যা ও জলবায়ু পরিবর্তনসহ নানা সমস্যা পৃথক পৃথক রাষ্ট্রীয় সীমারেখায় আবদ্ধ।’ এসকল সমস্যা সমাধানে সংসদীয় কূটনীতি একটি শক্তিশালী মাধ্যম বলে তিনি উল্লেখ করেন।

