নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, গ্যাসের দাম বৃদ্ধি কিছুটা অস্বস্তিকর। তবে জ্বালানী মন্ত্রণালয়ের সঙ্গে আমি কথা বলেছি। তারা এবং এনার্জি রেগুলেটরি কমিশনের যে বক্তব্য সেটা হলো, এলএনজি আমদানীর পূর্বে প্রতি ইউনিট ক্রয় মূল্য ৭ টাকা ৮০ পয়সা। এবং বিক্রয় মূল্য ছিলো ৭ টাকা ১৭ পয়সা।
সোমবার সচিবালয়ে যোগাযোগ মন্ত্রণালয়ে সাম্প্রতিক বিষয়ে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
সেতুমন্ত্রী বলেন, এই হিসেবে প্রতিবছর লোকসান ছিলো প্রায় ৩ হাজার কোটি টাকা। সে কারণে প্রাইজ কিছুটা সমন্বয় করা হয়েছে। আমি যতটুকু জেনেছি এই প্রাইজ সমন্বয় করার পরেও সরকারকে ভর্তুকি দিতে হবে।
গ্যাসের দুর্নীতি বন্ধ হলে দাম বাড়ানোর প্রয়োজন হবে না, এ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, দুর্নীতি কোথায় কোথায় আছে আমাকে বলুন, আমিতো জানিনা।
সাংবাদিকদের পক্ষ থেকে গ্যাসের অবৈধ সংযোগের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, আমাদের দেশে এসব ঘটনা অনেকদিন আগে থেকে এসব চলছে তবে এখন অনেকটা কমে গেছে। আমি আশাকরি সরকারের দুর্নীতির বিষয়ে কঠিন সিদ্ধান্তের কারণে এসব বিষয় আরও কমে যাবে।
এদিকে গ্যাসের দাম বৃদ্ধির বিষয়টি মির্জা ফখরুল গণবিরোধী সিদ্ধান্ত আখ্যা দিয়ে রাজপথে আন্দোলনের কথা বলেছেন। এ বিষয়ে মন্ত্রী বলেন, এটা তাদের বক্তব্য। বাস্তবতা ভিন্ন। ওনারা জাতীয় বাজেট ঘোষণা হলেই বলেন এবারের বাজেট গরিব মারার বাজেট। কিন্তু বাস্তবতা ভিন্ন।
গ্যাসের দাম বাড়ানো বাস্তসম্মত কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, গ্যাসের সংকট আছে সেখানে যেটা করলে সবচেয়ে ভাল সেটাই করার চেষ্টা হয়েছে। দেশতো চালাতে হবে।

